Date: April 21, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / প্রযুক্তি / গুগল খুলল পুরোনো জিমেইল ঠিকানা পরিবর্তনের পথ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গুগল খুলল পুরোনো জিমেইল ঠিকানা পরিবর্তনের পথ

December 29, 2025 07:01:51 PM   প্রযুক্তি ডেস্ক
গুগল খুলল পুরোনো জিমেইল ঠিকানা পরিবর্তনের পথ

অনেকেই কৈশোরে তৈরি করা জিমেইল ঠিকানা আজও ব্যবহার করছেন। যদিও নাম বা রুচি বদলেছে, ঠিকানাটি যেরূপ আছে, তেমনই রয়ে গেছে। এই ঝামেলা কমাতে গুগল নতুন সুবিধা নিয়ে আসছে। ধীরে ধীরে কিছু ব্যবহারকারীকে জিমেইল ঠিকানা পরিবর্তনের সুযোগ দেওয়া হবে বলে সম্প্রতি গুগলের একটি সহায়তা পেজে জানা গেছে। পেজটি প্রথমে হিন্দি ভাষায় প্রকাশিত হয়েছিল।

নতুন সুবিধাটি পুরোপুরি ঠিকানা বদল নয়, বরং একটি নতুন জিমেইল ঠিকানা যোগ করার ব্যবস্থা। মূল ঠিকানাটি অ্যালিয়াস হিসেবে থাকবে, অর্থাৎ পুরোনো ঠিকানায় পাঠানো মেইলও ইনবক্সে পৌঁছাবে। নতুন ঠিকানাটি প্রধান ঠিকানা হিসেবে কাজ করবে, তবে পুরোনো ঠিকানা দিয়েও লগইন করা যাবে। সব ইমেইল, ছবি ও ফাইল অক্ষত থাকবে, তাই কোনো ডেটা হারানোর ঝুঁকি নেই।

তবে এই সুবিধার কিছু সীমাবদ্ধতা রয়েছে। এক বছরের মধ্যে একবারের বেশি ঠিকানা পরিবর্তন করা যাবে না এবং একটি অ্যাকাউন্টে সর্বাধিক তিনটি নতুন ঠিকানা তৈরি করা যাবে। চাইলে আবার পুরোনো ঠিকানায় ফিরে যাওয়া সম্ভব। তবে কিছু ক্ষেত্রে ক্রোমওএসে সেটিংস সমস্যায় পড়তে পারে, তাই পরিবর্তনের আগে ব্যাকআপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বিশেষ করে যারা ছোট বয়সে জিমেইল খুলেছিলেন, তাদের জন্য এটি বড় স্বস্তি। অনেকেই তখন কার্টুন বা গেমের নামে ঠিকানা নিয়েছিলেন, যা পেশাগত জীবনে বিব্রতকর হয়ে উঠেছে। এছাড়া নাম পরিবর্তন করতে চাওয়া ব্যবহারকারীরাও উপকৃত হবেন।

তবে এখনো সবার জন্য এই সুবিধা চালু হয়নি। ইংরেজি ভাষার সাপোর্ট পেজেও তথ্যটি পাওয়া যাচ্ছে না। দ্য ভার্জ জানিয়েছে, ফিচারটি ধাপে ধাপে সব ব্যবহারকারীর কাছে পৌঁছাবে। গুগল আনুষ্ঠানিক মন্তব্য দেয়নি, তবে দীর্ঘদিনের ব্যবহারকারীরা এই পরিবর্তনকে ইতিবাচক হিসেবে স্বাগত জানিয়েছে।

ডিজিটাল পরিচয় বদলানোর এই সুযোগ অনেকের জন্য সময়োপযোগী হলেও, কবে নাগাদ সবাই এটি ব্যবহার করতে পারবে, তা এখনো স্পষ্ট নয়।