Date: April 21, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / রাজনীতি / নির্বাচনে হেরে গেলেন স্বামী, সংসদে যাচ্ছেন স্ত্রী - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নির্বাচনে হেরে গেলেন স্বামী, সংসদে যাচ্ছেন স্ত্রী

April 21, 2026 12:27:17 PM   অনলাইন ডেস্ক
নির্বাচনে হেরে গেলেন স্বামী, সংসদে যাচ্ছেন স্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে একদিকে স্বামী ভোটে পরাজিত হলেও অন্যদিকে রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছেন তার স্ত্রী। জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান নির্বাচনে হেরে গেলেও সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেয়েছেন তার স্ত্রী অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী। এতে দলীয় রাজনীতিতে এক ভিন্ন মাত্রার আলোচনার সৃষ্টি হয়েছে।

নির্বাচনে ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে বিএনপি প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন বাবলু ১ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মতিউর রহমান পান ১ লাখ ৮৭৬ ভোট। নির্বাচনী ফলাফলে পরাজিত হলেও দলীয় মনোনয়নে এখন তার স্ত্রী সংসদে যাওয়ার সুযোগ পাচ্ছেন।

অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মহিলা বিভাগের মানবসম্পদ, আইন ও মানবাধিকার বিষয়ক সেক্রেটারি এবং দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য। তিনি একই সঙ্গে জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমানের সহধর্মিণী।

তার রাজনৈতিক ও পেশাগত অভিজ্ঞতা দীর্ঘদিনের। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার সাবেক কেন্দ্রীয় সভানেত্রী ছিলেন। পরবর্তীতে তিনি জামায়াতের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন, যার মধ্যে রয়েছে মানবাধিকার ও আইনি সহায়তা কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত নেতৃত্ব।

এছাড়া তিনি ল’ইয়ার্স কাউন্সিল (মহিলা শাখা)-এর সেক্রেটারি, লিগ্যাল এইড বাংলাদেশের নির্বাহী সদস্য এবং সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন।

দলীয় সূত্র জানায়, বিগত সময়ে রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও দলের কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার কারণে জামায়াতের মনোনয়ন বোর্ড তার প্রতি আস্থা রেখে তাকে সংরক্ষিত নারী আসনে মনোনীত করেছে।

এ বিষয়ে মতিউর রহমান বলেন, জামায়াতে ইসলামী প্রার্থীর ব্যক্তিগত পরিচয়ের ভিত্তিতে নয়, বরং যোগ্যতা, ত্যাগ ও দক্ষতার ভিত্তিতে মনোনয়ন দিয়ে থাকে। তার মতে, সাবিকুন্নাহার মুন্নী দীর্ঘদিনের অভিজ্ঞ ও পরিশ্রমী নেত্রী হিসেবে এই দায়িত্ব পাওয়ার যোগ্য।

অন্যদিকে সাবিকুন্নাহার মুন্নী বলেন, দল তার ওপর আস্থা রেখেই তাকে মনোনীত করেছে। তিনি আশা প্রকাশ করেন, সংসদে সুযোগ পেলে তিনি অবহেলিত নারী সমাজের উন্নয়ন এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করবেন।

স্বামী নির্বাচনে পরাজিত হলেও স্ত্রীর সংসদে যাওয়ার সুযোগকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে এই ঘটনা।