Date: May 17, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / প্রযুক্তি / রিলস- পোস্ট শেয়ারেই আয়, মাসে ৩ হাজার ডলার দিচ্ছে ফেসবুক! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

রিলস- পোস্ট শেয়ারেই আয়, মাসে ৩ হাজার ডলার দিচ্ছে ফেসবুক!

March 23, 2026 09:10:52 PM   অনলাইন ডেস্ক
রিলস- পোস্ট শেয়ারেই আয়, মাসে ৩ হাজার ডলার দিচ্ছে ফেসবুক!

ডিজিটাল দুনিয়ায় কনটেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন সুযোগ নিয়ে এসেছে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। ফেসবুকে রিলস, ছবি, ভিডিও কিংবা পোস্ট শেয়ার করেই এখন মাসে সর্বোচ্চ ৩ হাজার ডলার আয় করা সম্ভব—এমনই ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি, যা বিশ্বজুড়ে ক্রিয়েটরদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে।

সম্প্রতি মেটার অফিসিয়াল নিউজরুমে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘ক্রিয়েটর ফাস্ট ট্র্যাক’ নামে একটি বিশেষ প্রোগ্রামের মাধ্যমে এই আয়ের সুযোগ তৈরি করা হয়েছে। মূল লক্ষ্য হলো—ইউটিউব, টিকটক বা ইনস্টাগ্রামে জনপ্রিয় কনটেন্ট নির্মাতাদের ফেসবুকে আরও সক্রিয় করে তোলা।

তবে এই সুবিধা সবার জন্য উন্মুক্ত নয়। যেসব ক্রিয়েটরের আগে থেকেই বড় ফলোয়ার বেস রয়েছে, তাদেরই অগ্রাধিকার দেওয়া হবে। মেটার তথ্যমতে, যাদের ফলোয়ার সংখ্যা অন্তত ১ লাখ, তারা মাসে প্রায় ১ হাজার ডলার পর্যন্ত আয় করতে পারবেন। আর যাদের ফলোয়ার ১০ লাখ বা তার বেশি, তাদের জন্য রয়েছে মাসে সর্বোচ্চ ৩ হাজার ডলার আয়ের সুযোগ।

প্রোগ্রামটির আওতায় নির্বাচিত ক্রিয়েটরদের টানা তিন মাস নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করা হবে। তবে এর জন্য নিয়মিত মানসম্মত এবং প্ল্যাটফর্মের নীতিমালা অনুযায়ী ‘এলিজিবল’ রিলস বা শর্ট ভিডিও প্রকাশ করতে হবে। পাশাপাশি মেটা তাদের কনটেন্টের রিচ বাড়াতে বিশেষ প্রযুক্তিগত সহায়তাও দেবে, যাতে তারা দ্রুত বৃহৎ দর্শকগোষ্ঠী তৈরি করতে পারেন।

এছাড়া ফেসবুক তাদের মনিটাইজেশন ব্যবস্থায়ও বড় পরিবর্তন এনেছে। এখন শুধু ভিডিও নয়—রিলস, স্টোরি, ছবি এমনকি টেক্সট পোস্ট থেকেও আয় করা সম্ভব। মেটার তথ্য অনুযায়ী, ২০২৫ সালে তারা ক্রিয়েটরদের প্রায় ৩০০ কোটি ডলার প্রদান করেছে, যা আগের বছরের তুলনায় ৩৫ শতাংশ বেশি। বর্তমানে প্ল্যাটফর্মটির মোট আয়ের প্রায় ৬০ শতাংশই আসছে রিলস থেকে, আর বাকি অংশ ছবি ও লেখাভিত্তিক কনটেন্ট থেকে।

এই প্রোগ্রামটি আপাতত আমন্ত্রণভিত্তিক হলেও আগ্রহীরা ফেসবুক অ্যাপের ‘প্রফেশনাল ড্যাশবোর্ড’-এর ‘মনিটাইজেশন’ ট্যাব থেকে ‘কনটেন্ট মনিটাইজেশন’ অপশনে আগ্রহ প্রকাশ করতে পারেন। যোগ্যতা বিবেচনায় মেটা কর্তৃপক্ষ সরাসরি নোটিফিকেশন বা ই-মেইলের মাধ্যমে নির্বাচিতদের জানাবে।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, ইউটিউব ও টিকটকের সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে এবং নতুন প্রজন্মের সৃজনশীলদের আকৃষ্ট করতেই মেটার এই উদ্যোগ। বিশেষ করে বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েটরদের জন্য এটি বৈদেশিক আয় বাড়ানোর এক বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে।