Date: April 17, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / প্রযুক্তি / ভিডিও গেমারদের জন্য বড় সুযোগ: বিমান চলাচল নিয়ন্ত্রণে চাকরি দিতে চায় যুক্তরাষ্ট্র - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্...

ভিডিও গেমারদের জন্য বড় সুযোগ: বিমান চলাচল নিয়ন্ত্রণে চাকরি দিতে চায় যুক্তরাষ্ট্র

April 13, 2026 04:10:05 PM   অনলাইন ডেস্ক
ভিডিও গেমারদের জন্য বড় সুযোগ: বিমান চলাচল নিয়ন্ত্রণে চাকরি দিতে চায় যুক্তরাষ্ট্র

ভিডিও গেম খেলার দক্ষতাকেই এবার পেশাগত যোগ্যতা হিসেবে বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। এয়ার ট্রাফিক কন্ট্রোলার পদে নতুন প্রজন্মকে আকৃষ্ট করতে গেমারদের জন্য সুযোগ উন্মুক্ত করেছে দেশটির বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা। প্রযুক্তিনির্ভর এই পেশায় গেমিং দক্ষতাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে কর্তৃপক্ষ।

সম্প্রতি ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) একটি বিজ্ঞাপনের মাধ্যমে জানায়, ভিডিও গেমে দক্ষ তরুণদের এয়ার ট্রাফিক কন্ট্রোলার পদে আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে। বিজ্ঞাপনে গেম খেলার সময় যে মনোযোগ, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং একাধিক তথ্য একসঙ্গে বিশ্লেষণের দক্ষতা তৈরি হয়, তা এই পেশার সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত বলে উল্লেখ করা হয়।

এই উদ্যোগের লক্ষ্য হচ্ছে নতুন প্রজন্মকে আকৃষ্ট করা এবং দীর্ঘদিনের জনবল সংকট কাটিয়ে ওঠা। এফএএর তথ্য অনুযায়ী, পূর্ণ সক্ষমতায় কাজ করতে তাদের প্রায় ১৪ হাজার ৬৬৩ জন সক্রিয় এয়ার ট্রাফিক কন্ট্রোলার প্রয়োজন। তবে বাস্তবে এই সংখ্যার ঘাটতি রয়েছে এবং আগামী কয়েক বছরে তা আরও বাড়তে পারে।

যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন পি ডাফি জানান, বর্তমান প্রজন্মের গেমারদের মধ্যে দ্রুত সিদ্ধান্ত নেওয়া, চাপের মধ্যে কাজ করা এবং প্রযুক্তি ব্যবহারের দক্ষতা উল্লেখযোগ্য। এই গুণগুলো এয়ার ট্রাফিক কন্ট্রোলের মতো জটিল ও দায়িত্বপূর্ণ কাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এর আগে ২০২১ সালে জো বাইডেন প্রশাসনের সময় ‘লেভেল আপ’ নামে একটি প্রচারণা চালানো হয়েছিল, যেখানে গেমারদের লক্ষ্য করেই নিয়োগ কার্যক্রম পরিচালিত হয়। নতুন এই উদ্যোগকে সেই প্রচেষ্টার ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে।

এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ। আকাশপথে উড়োজাহাজের চলাচল পর্যবেক্ষণ, সংঘর্ষ এড়ানো এবং বিমান ওঠানামার সময় নির্দেশনা প্রদান—সবকিছুই তাদের দায়িত্বের মধ্যে পড়ে। ফলে এই পেশায় কাজ করতে হলে উচ্চমাত্রার মনোযোগ, নির্ভুলতা এবং প্রযুক্তিগত দক্ষতা অপরিহার্য।

এই খাতে আকর্ষণের আরেকটি বড় দিক হলো বেতন কাঠামো। অভিজ্ঞতা অর্জনের তিন বছরের মধ্যে একজন এয়ার ট্রাফিক কন্ট্রোলারের বার্ষিক আয় প্রায় ১ লাখ ৫৫ হাজার ডলারে পৌঁছাতে পারে, যা তরুণদের জন্য একটি বড় প্রণোদনা হিসেবে কাজ করছে।

অন্যদিকে, ন্যাশনাল এয়ার ট্রাফিক কন্ট্রোলারস অ্যাসোসিয়েশন -এর সভাপতি নিক ড্যানিয়েলস এই উদ্যোগকে স্বাগত জানালেও সতর্কবার্তা দিয়েছেন। তার মতে, নিয়োগের পরিসর বাড়ানো ইতিবাচক হলেও নিরাপত্তা সংশ্লিষ্ট এই পেশায় মানদণ্ড কোনোভাবেই শিথিল করা উচিত নয়।

প্রযুক্তিনির্ভর যুগে নতুন প্রজন্মের দক্ষতাকে কাজে লাগিয়ে একটি গুরুত্বপূর্ণ খাতে জনবল সংকট মোকাবিলার এই উদ্যোগ আন্তর্জাতিক মহলেও আগ্রহ তৈরি করেছে।

সূত্র: বিবিসি