


দেশজুড়ে একযোগে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই পরীক্ষাকে ঘিরে কেন্দ্রের ভেতরে শিক্ষার্থীদের মধ্যে চলছে গভীর মনোযোগ আর নীরবতা, আর বাইরে অভিভাবকদের মধ্যে দেখা যাচ্ছে উদ্বেগ, অপেক্ষা ও প্রার্থনার দৃশ্য। বিশেষ করে মায়েদের দোয়া ও দুশ্চিন্তায় কেন্দ্রের বাইরের পরিবেশ হয়ে উঠেছে আবেগঘন।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বাইরে এমনই এক হৃদয়ছোঁয়া দৃশ্য দেখা যায়। কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে তসবি হাতে নিজের সন্তানের জন্য দোয়া করতে দেখা যায় আয়শা আফরোজ নামের এক অভিভাবককে। তার ছেলে মুত্তাসিন মিম বসির এই কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।
আয়শা আফরোজ গণমাধ্যমকে বলেন, পরীক্ষার সময়টা শুধু শিক্ষার্থীদের জন্য নয়, বরং মা-বাবাদের জন্যও অত্যন্ত মানসিক চাপের। সন্তানকে ছোট থেকে বড় করে তোলার মতোই এই সময়টাও অনেক কষ্টের ও দুশ্চিন্তার। তিনি আরও বলেন, তার একমাত্র প্রার্থনা হলো—ছেলে যেন শান্ত মনে, ভালোভাবে পরীক্ষা দিতে পারে।
এদিকে, চলতি বছরে সারা দেশে ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা কিছুটা কমেছে।
নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে এবার শিক্ষা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। প্রতিটি পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং প্রশ্নফাঁস প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
এছাড়া কেন্দ্রের চারপাশে ২০০ গজ এলাকায় ১৪৪ ধারা জারি করে বহিরাগতদের প্রবেশ সীমিত করা হয়েছে। পাশাপাশি পরীক্ষাকেন্দ্রের ভেতরে মোবাইল ফোনসহ সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে।
কেন্দ্রের ভেতরে শিক্ষার্থীদের পরীক্ষা আর বাইরে অভিভাবকদের দোয়া—দুই ভিন্ন চিত্রে ধরা দিয়েছে এসএসসি পরীক্ষার দিনটি।