


তামিল সিনেমার সুপারস্টার ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের বিবাহবিচ্ছেদ ঘিরে বড় ধরনের আইনি জটিলতা তৈরি হয়েছে। খোরপোশের অঙ্ক ও শর্ত নিয়ে মতপার্থক্যের কারণে মামলার প্রক্রিয়া দীর্ঘায়িত হচ্ছে বলে জানা গেছে।
মামলা সূত্রে জানা যায়, বিবাহবিচ্ছেদ হলে স্ত্রী সঙ্গীতা সোরনালিঙ্গম প্রায় ২৫০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৩৫০ কোটি টাকা) খোরপোশ দাবি করেছেন। পাশাপাশি চেন্নাইয়ের একটি সমুদ্রমুখী বাড়িও তার দাবির তালিকায় রয়েছে।
অন্যদিকে থালাপতি বিজয় বিষয়টি আদালতের বাইরে সমঝোতার মাধ্যমে নিষ্পত্তি করতে চাচ্ছেন। তিনি খোরপোশ হিসেবে সর্বোচ্চ ৩৫ কোটি রুপি দিতে রাজি হলেও সঙ্গীতা তার দাবিতে অনড় রয়েছেন। ফলে দুই পক্ষের মধ্যে এখনো কোনো সমঝোতা হয়নি।
আদালত সূত্র জানায়, আগামী ২৩ এপ্রিল তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের কারণে বিজয়ের পক্ষ থেকে শুনানি স্থগিতের আবেদন করা হয়। আদালত সেই আবেদন মঞ্জুর করে পরবর্তী শুনানির তারিখ ১৫ জুন নির্ধারণ করেছে। এতে বিবাহবিচ্ছেদ প্রক্রিয়া আরও পিছিয়ে গেল।
এদিকে অভিযোগ রয়েছে, ২০২১ সাল থেকেই এই দম্পতির মধ্যে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। এরপর ধীরে ধীরে মানসিক দূরত্ব বাড়তে থাকে। সঙ্গীতা অভিযোগ করেন, বিজয় তার প্রতি অবহেলা ও এক অভিনেত্রীর সঙ্গে ঘনিষ্ঠতার কারণে সম্পর্ক ভেঙে যায়।
মামলা সূত্রে আরও দাবি করা হয়, দাম্পত্য কলহের কারণে এক পর্যায়ে বিজয় তার স্ত্রীকে আলাদা হয়ে যান বলে অভিযোগ ওঠে।
এই পরিস্থিতিতে তাদের পুত্র জেসন সঞ্জয়ও সামাজিক যোগাযোগমাধ্যমে বাবাকে আনফলো করেছেন বলে জানা গেছে, যা বিষয়টিকে আরও আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।