


যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ । তবে তিনি স্পষ্ট করে বলেছেন, দুই পক্ষ এখনো চূড়ান্ত সমঝোতা থেকে অনেক দূরে রয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) রাতে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে গালিবাফ বলেন, আলোচনা কিছুটা এগোলেও গুরুত্বপূর্ণ অনেক বিষয় এখনো অমীমাংসিত রয়ে গেছে। তার ভাষায়, “আমরা চূড়ান্ত সিদ্ধান্তের কাছাকাছি নই, এখনও অনেক ফাঁক রয়ে গেছে।”
তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র কে ইরান বিশ্বাস করে না এবং যেকোনো সময় তারা আবার যুদ্ধ শুরু করতে পারে। এমন পরিস্থিতিতে ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।
গালিবাফ দাবি করেন, সাম্প্রতিক সংঘাতে ইরানই বিজয়ী হয়েছে এবং নিজেদের দাবি আদায় হওয়ায় তারা সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। বর্তমানে দুই সপ্তাহের এই যুদ্ধবিরতি চলমান রয়েছে, যা আগামী বুধবার শেষ হওয়ার কথা।
তিনি আরও বলেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ইরানের নিয়ন্ত্রণে রয়েছে। যুক্তরাষ্ট্র অবরোধ প্রত্যাহার না করলে এই প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ করে দেওয়া হতে পারে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
গত ১১ এপ্রিল ইসলামাবাদ -এ মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে গালিবাফ ও ইরানি প্রতিনিধিদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর এটিই দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
তবে ওই বৈঠকেও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পাকিস্তানসহ মধ্যস্থতাকারীরা স্থায়ী সমাধানের চেষ্টা চালিয়ে গেলেও এখনো পর্যন্ত আলোচনায় বড় ধরনের অগ্রগতি হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ইরান বলছে, তারা আংশিক বা সাময়িক সমাধানে আগ্রহী নয়। বরং দীর্ঘমেয়াদি ও সমন্বিত সমাধানের দিকেই তারা এগোতে চায়।