Date: April 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / রাজনীতি / রাজনীতিতে নতুন দল বাংলাদেশ আজাদ পার্টির আত্মপ্রকাশ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

রাজনীতিতে নতুন দল বাংলাদেশ আজাদ পার্টির আত্মপ্রকাশ

April 19, 2026 06:29:57 PM   অনলাইন ডেস্ক
রাজনীতিতে নতুন দল বাংলাদেশ আজাদ পার্টির আত্মপ্রকাশ

দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন দল হিসেবে আত্মপ্রকাশ করেছে ‘বাংলাদেশ আজাদ পার্টি (বিএপি)’। ইনসাফ, নৈতিকতা ও গণতন্ত্রভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গঠনের লক্ষ্য নিয়ে এবং ‘জান দেবো, জুলাই দেবো না’ স্লোগানকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে দলটি। রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন রাজনৈতিক শক্তির ঘোষণা দেওয়া হয়।

রোববার (১৯ এপ্রিল) অনুষ্ঠিত এ আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলটির শীর্ষ নেতারা উপস্থিত থেকে ভবিষ্যৎ রাজনৈতিক লক্ষ্য ও কর্মসূচি তুলে ধরেন।

নতুন এই দলের ঘোষণায় বলা হয়েছে, তারা একটি ন্যায়ভিত্তিক ও ইনসাফপূর্ণ রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবে। রাষ্ট্রীয় কাঠামো, অর্থনীতি, বিচারব্যবস্থা, শিক্ষা, পররাষ্ট্রনীতি ও সামাজিক উন্নয়নসহ বিভিন্ন খাতে পরিবর্তনের রূপরেখা তুলে ধরা হয়েছে।

দলটি তাদের ঘোষণাপত্রে মোট ১৭ দফা কর্মসূচি উপস্থাপন করেছে। এর মধ্যে রয়েছে ন্যায়বিচার প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত প্রশাসন গঠন এবং ভারতীয় আধিপত্যবাদমুক্ত স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণের অঙ্গীকার।

দলটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন অবসরপ্রাপ্ত কর্নেল হাসিনুর রহমান। মুখপাত্র হিসেবে রয়েছেন কবির হোসেন, এমদাদ বাবু ও আল আমিন। পাশাপাশি একটি নীতিনির্ধারণী উপদেষ্টা কমিটি ও নির্বাহী কমিটি গঠন করা হয়েছে, যা ধাপে ধাপে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অলি আহমেদ, ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির এবং রাশেদ প্রধান

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। তাদের মধ্যে ছিলেন অ্যাডভোকেট তানজিনা ফেরদৌস, অধ্যাপক আমেনা রহমান, ডা. নাবিলা নাদিয়া, মাজহারুল ইসলাম শিহাব, কমরেড কনক বড়ুয়া, শান্ত রাজু, কমরেড মনিরুলসহ অনেকে।

নতুন এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, ভবিষ্যতে দলটি কতটা প্রভাব ফেলতে পারবে, তা নির্ভর করবে তাদের সাংগঠনিক বিস্তার ও রাজনৈতিক অবস্থানের ওপর।