


যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে লক্ষ্য করে হরমুজ প্রণালিতে ‘নতুন তিক্ত এক পরাজয়’ উপহার দিতে প্রস্তুত বলে সতর্কবার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি। রোববার (১৯ এপ্রিল) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বার্তায় তিনি বলেন, ইরানের নৌবাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে।
এর আগে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সতর্ক করে বলেন, “যেকোনো মুহূর্তে” আবার যুদ্ধ শুরু হতে পারে।
এই দুই নেতার বক্তব্যের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলের প্রশংসা করে দ্রুত সংকট নিরসনের আশাবাদ ব্যক্ত করেছিলেন। তবে বাস্তবে এখনো আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যায়নি।
এদিকে ইসরাইলি গণমাধ্যম ও সামরিক সূত্রের বরাতে জানা গেছে, সম্ভাব্য যুদ্ধবিরতি ভেঙে পড়ার আশঙ্কায় ইসরাইল তাদের সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছে।
মধ্যপ্রাচ্যের এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ঘিরে নতুন করে সংঘাতের শঙ্কা বাড়ছে।