Date: April 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শ্রীপুরে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে কাভার্ডভ্যান চাপায় ছাত্রের মৃত্যু - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রক...

শ্রীপুরে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে কাভার্ডভ্যান চাপায় ছাত্রের মৃত্যু

April 19, 2026 06:19:06 PM   উপজেলা প্রতিনিধি
শ্রীপুরে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে কাভার্ডভ্যান চাপায় ছাত্রের মৃত্যু

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে কাভার্ডভ্যান চাপায় তানভীর ইসলাম আরিয়ান নামে আট বছরের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার ১৯ এপ্রিল বেলা পৌনে ১২টার দিকে শ্রীপুর টু আনসার রোড সড়কের কেওয়া পূর্ব খণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন তিন রাস্তার মোড়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত আরিয়ান ওই বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিল। সে শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্ব খণ্ড এলাকার সজল ইসলামের ছেলে।

আরিয়ানের বাবা সজল ইসলাম জানান, প্রতিদিনের মতো স্কুল ছুটির পর আরিয়ান অন্য সহপাঠীদের সাথে পায়ে হেঁটে বাড়ি ফিরছিল। পথে একটি দ্রুতগতির কাভার্ডভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর এলাকাবাসী ধাওয়া করে ঘাতক কাভার্ডভ্যানটি আটক করতে পারলেও চালক পালিয়ে গেছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘাতক কাভার্ডভ্যানটি পুলিশের হেফাজতে রয়েছে। তবে চালক পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এদিকে আরিয়ানের অকাল মৃত্যুতে তার পরিবার ও স্কুলে শোকের ছায়া নেমে এসেছে। নিরাপদ সড়কের দাবিতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।