


সংযুক্ত আরব আমিরাতে দিনের উজ্জ্বল আলোতেই আকাশে নতুন চাঁদ দেখা গেছে, যা বিরল একটি ঘটনা। এই চাঁদ দেখার মধ্য দিয়েই হিজরি ১৪৪৭ সালের জিলকদ মাস শুরু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) স্থানীয় সময় সকাল ১০টায় এই চাঁদের ছবি ধারণ করা সম্ভব হয়। পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, তখন চাঁদের বয়স ছিল ১৬ দশমিক ৫ ঘণ্টা এবং এটি সূর্য থেকে ১১ দশমিক ৭ ডিগ্রি দূরে অবস্থান করছিল।
এই বিরল চাঁদের ছবি ধারণ করেন জ্যোতির্বিজ্ঞানী মোহাম্মদ আওদা। তার সঙ্গে পর্যবেক্ষণে ছিলেন খালফান আল নাইমি, ওসামা ঘানিম ও আনাস মুহাম্মদ।
চাঁদ দেখা যাওয়ার পর থেকেই মধ্যপ্রাচ্যে আগামী ঈদুল আজহা এবং হজের সময় নিয়ে জ্যোতির্বিজ্ঞানভিত্তিক হিসাব নতুন করে আলোচনায় এসেছে।
এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী ২০২৬ সালে ঈদুল আজহা হতে পারে ২৭ মে (বুধবার)। আর আরাফাতের দিন পড়তে পারে ২৬ মে (মঙ্গলবার)।
তবে তিনি জানিয়েছেন, চূড়ান্ত তারিখ সবসময়ই নতুন চাঁদ দেখার ওপর নির্ভর করে নির্ধারণ করা হয়।
সাধারণত ঈদুল আজহাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে চার দিনের সরকারি ছুটি থাকে। সপ্তাহান্ত যুক্ত হলে এটি ৯ দিন পর্যন্ত দীর্ঘ হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর ঈদসহ ধর্মীয় উৎসব পালিত হয়।