


সোমবার (২০ এপ্রিল) একদিনের সফরে বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে উন্নয়ন প্রকল্প উদ্বোধনের পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিচার বিভাগের ডিজিটালাইজেশন প্রক্রিয়ার অংশ ‘ই-বেইল বন্ড’ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এর মাধ্যমে জামিন প্রক্রিয়ায় আসবে বড় ধরনের পরিবর্তন, যা ধাপে ধাপে সারা দেশে চালু করা হবে।
সফরকে কেন্দ্র করে বগুড়াসহ উত্তরাঞ্চলে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরাপত্তা ও প্রস্তুতিমূলক সব কাজ সম্পন্ন করেছে।
প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, তিনি সকালে সড়কপথে বগুড়া পৌঁছে সার্কিট হাউজে সংক্ষিপ্ত যাত্রাবিরতি নেবেন। এরপর সরাসরি আদালত প্রাঙ্গণে গিয়ে নতুন নির্মিত আধুনিক বার ভবনের উদ্বোধন করবেন।
এরপর জেলা ও দায়রা জজ আদালতের কনফারেন্স রুমে দেশের প্রথম ‘ই-বেইল বন্ড’ বা ইলেকট্রনিক জামিননামা ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি। এই ডিজিটাল ব্যবস্থা চালুর মাধ্যমে জামিন প্রক্রিয়া আরও দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত হবে বলে আশা করা হচ্ছে।
বিচার বিভাগের সংশ্লিষ্টরা জানান, বর্তমানে জামিননামা দাখিল ও কারামুক্তির প্রক্রিয়ায় সময়ক্ষেপণ, ভোগান্তি এবং অনেক ক্ষেত্রে দালাল চক্রের প্রভাব দেখা যায়। নতুন ডিজিটাল ব্যবস্থা চালু হলে এসব সমস্যার বড় ধরনের সমাধান হবে।
বগুড়া জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার মো. নুরুল মুবীন বলেন, ই-বেইল বন্ড চালু হলে বন্দিদের কারামুক্তির প্রক্রিয়া দ্রুত হবে এবং স্বজনদের ভোগান্তি অনেক কমে যাবে। একই সঙ্গে জামিন জালিয়াতি রোধেও এটি কার্যকর ভূমিকা রাখবে।
বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল বাসেদ জানান, প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে আইনজীবীদের মধ্যে ব্যাপক উৎসাহ বিরাজ করছে। অল্প সময়ের এই অনুষ্ঠান হলেও এর প্রভাব দীর্ঘমেয়াদে বিচার ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে।
এই সফরে আরও কিছু উন্নয়ন প্রকল্পের ঘোষণা আসতে পারে বলে জানা গেছে। এর মধ্যে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ফ্যামিলি কার্ড বিতরণ, বগুড়া সিটি করপোরেশন ঘোষণা এবং খাল খনন কর্মসূচি অন্যতম।
স্থানীয়দের আশা, এই সফরের মাধ্যমে বগুড়ার অবকাঠামো ও প্রশাসনিক উন্নয়নে নতুন গতি আসবে এবং বিচার ব্যবস্থায় ডিজিটাল রূপান্তর আরও একধাপ এগিয়ে যাবে।