Date: April 17, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / চাঁদপুরে জাটকা ধরায় ২২ জেলে আটক! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

চাঁদপুরে জাটকা ধরায় ২২ জেলে আটক!

April 17, 2026 11:09:38 AM   দেশেরপত্র ডেস্ক
চাঁদপুরে জাটকা ধরায় ২২ জেলে আটক!

চাঁদপুরে পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে ২২ জেলেকে আটক করা হয়েছে। এদের মধ্যে ১৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে, একজন অসুস্থ হওয়ায় ৫০০ টাকা জরিমানা করা হয়েছে এবং বাকি ৬ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) সকালে এ তথ্য জানান জেলা প্রশাসকের কার্যালয় চাঁদপুরে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা।

আটক জেলেদের চাঁদপুর কোস্টগার্ড স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়। অভিযানে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত পদ্মা-মেঘনার অভয়াশ্রম এলাকায় মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌ পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় জাটকা ধরার অপরাধে ২২ জেলেকে আটক করা হয়। একই সঙ্গে পাঁচটি মশারি জাল ও পাঁচটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের রায়ে একজন জেলেকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া তিনজনকে ২১ দিন করে কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা, একজনকে ১৫ দিনের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা এবং আরও ১০ জনকে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়। একজন ক্যান্সার আক্রান্ত হওয়ায় তাকে ৫০০ টাকা জরিমানা করে মুক্তি দেওয়া হয়।

অন্যদিকে, আটক ৬ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জাটকা রক্ষা ও মৎস্য সম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।