Date: May 17, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / প্রযুক্তি / আজ সূর্যাস্তের পর আকাশে দেখা যাবে ৬ গ্রহ, কীভাবে দেখবেন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

আজ সূর্যাস্তের পর আকাশে দেখা যাবে ৬ গ্রহ, কীভাবে দেখবেন

February 28, 2026 11:37:38 AM   অনলাইন ডেস্ক
আজ সূর্যাস্তের পর আকাশে দেখা যাবে ৬ গ্রহ, কীভাবে দেখবেন

আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) সূর্যাস্তের পর আকাশে দেখা মিলবে এক বিরল মহাজাগতিক দৃশ্য—একই সরলরেখায় ছয়টি গ্রহের অবস্থান, যা জ্যোতির্বিদরা ‘প্ল্যানেট প্যারেড’ বা গ্রহসমাবেশ বলে থাকেন। সাধারণভাবে এটি ‘গ্রহের শোভাযাত্রা’ হিসেবেও পরিচিত। এই দৃশ্যে বুধ, শুক্র, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুনকে আকাশে দেখা যাবে। সঙ্গে শোভা ছড়াবে চাঁদও। রাতের আকাশে এই গ্রহগুলো এক লম্বা সারিতে কাছাকাছি অবস্থান করবে, যা পর্যবেক্ষকদের জন্য একটি বিরল এবং দর্শনীয় দৃশ্য তৈরি করবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম BBC–এর প্রতিবেদন অনুযায়ী, শুক্র, বৃহস্পতি ও শনিকে খালি চোখে সহজেই দেখা সম্ভব। বুধ গ্রহ পশ্চিম দিগন্তের কাছে নিচু অবস্থানে থাকায় এটি দেখার জন্য পরিষ্কার ও বাধাহীন দৃষ্টিসীমা প্রয়োজন। ইউরেনাস ও নেপচুন দেখতে হলে দূরবীন বা ছোট টেলিস্কোপ ব্যবহার করতে হবে। বৃহস্পতি গ্রহ আকাশের বিপরীত প্রান্তে দৃশ্যমান হবে, শনি গ্রহ শুক্র ও বৃহস্পতির মধ্যবর্তী অবস্থানে থাকবে।

aa7081acfeee16bb65a40d3207456e88f610cdb88f942949.jpg

জ্যোতির্বিদরা জানিয়েছেন, সূর্যাস্তের পর প্রায় ৩০–৪৫ মিনিট এই দৃশ্য দেখা যাবে। এরপর ধীরে ধীরে কিছু গ্রহ দিগন্তের নিচে নেমে যাবে। যদিও গ্রহগুলো এক লাইনে দেখা যাবে, বাস্তবে তারা একে অপরের থেকে লক্ষ কোটি কিলোমিটার দূরে অবস্থান করছে।

এর আগে ২০২৫ সালের ২৭ ফেব্রুয়ারি সাতটি গ্রহ—বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন—এক লাইনে দেখা গিয়েছিল। এই ধরনের দৃশ্য ২০৪০ সালের আগে আর দেখা যাবে না। বিশেষভাবে, উত্তর গোলার্ধ থেকে এই গ্রহসমাবেশ তুলনামূলকভাবে বেশি স্পষ্টভাবে দেখা যাবে। তাই আকাশপ্রেমীদের জন্য আজ রাতের আকাশ এক অনন্য অভিজ্ঞতার জায়গা হয়ে উঠবে।