Date: May 11, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / শিক্ষাঙ্গন / পাকিস্তানের বৃত্তিতে বাংলাদেশিদের জন্য উচ্চশিক্ষার নতুন দিগন্ত: শিক্ষামন্ত্রী - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের...

পাকিস্তানের বৃত্তিতে বাংলাদেশিদের জন্য উচ্চশিক্ষার নতুন দিগন্ত: শিক্ষামন্ত্রী

May 11, 2026 09:11:10 PM   অনলাইন ডেস্ক
পাকিস্তানের বৃত্তিতে বাংলাদেশিদের জন্য উচ্চশিক্ষার নতুন দিগন্ত: শিক্ষামন্ত্রী

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পাকিস্তানে উচ্চশিক্ষার নতুন সুযোগ তৈরি হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। তিনি বলেছেন, পাকিস্তানের বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক মানে এগিয়ে গেছে এবং দেশটির ফুল স্কলারশিপ কর্মসূচি বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।

সোমবার (১১ মে) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডরের দ্বিতীয় পর্বের উদ্বোধনী অনুষ্ঠান ও এডুকেশন এক্সপো ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

অনুষ্ঠানে পাকিস্তানের শিক্ষা ব্যবস্থার প্রশংসা করে তিনি বলেন, পাকিস্তানের বিশ্ববিদ্যালয়গুলোতে আধুনিক ও আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছে। এক্সপোর স্টলগুলো ঘুরে তার মনে হয়েছে যেন পুরো পাকিস্তানের শিক্ষা ব্যবস্থা এক জায়গায় উঠে এসেছে।

শিক্ষামন্ত্রী বলেন, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সংস্কৃতি, ধর্মীয় মূল্যবোধ ও খাদ্যাভ্যাসের অনেক মিল রয়েছে। ফলে বাংলাদেশি শিক্ষার্থীরা সেখানে সহজেই মানিয়ে নিতে পারবে এবং স্বাচ্ছন্দ্যে পড়াশোনা করতে সক্ষম হবে।

তিনি আরও বলেন, পাকিস্তানের বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশি শিক্ষার্থীদের যে পরিমাণ ফুল স্কলারশিপ দিচ্ছে, তা অত্যন্ত ইতিবাচক ও আকর্ষণীয় উদ্যোগ। এই সুযোগ দেশের মেধাবী শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের শিক্ষার পথ আরও সহজ করবে।

এহসানুল হক মিলন বলেন, বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও ভবিষ্যতে আন্তর্জাতিক মানে উন্নীত হবে—এমন প্রত্যাশা সরকারের রয়েছে। তিনি চান, ভবিষ্যতে বিদেশি শিক্ষার্থীরাও বাংলাদেশে এসে পড়াশোনা করুক এবং বাংলাদেশ একটি বৈশ্বিক শিক্ষা কেন্দ্র হিসেবে গড়ে উঠুক।

দেশের তরুণ জনগোষ্ঠীর প্রসঙ্গ তুলে তিনি বলেন, বাংলাদেশের ৬৫ শতাংশের বেশি মানুষ তরুণ। এই বিশাল জনশক্তিকে দক্ষ ও শিক্ষিত করে গড়ে তুলতে সরকার কাজ করছে।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার এবং শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আব্দুল খালেক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এসময় শিক্ষামন্ত্রী ‘আল্লামা ইকবাল স্কলারশিপ’-এর দ্বিতীয় ধাপের সফল বাস্তবায়নের জন্য শুভকামনা জানান।

জানা গেছে, এই স্কলারশিপ কর্মসূচির আওতায় আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে ৫০০ শিক্ষার্থীকে পাকিস্তানে উচ্চশিক্ষার সুযোগ দেওয়া হবে। ইতোমধ্যে প্রথম ধাপে ৭৪ জন বাংলাদেশি শিক্ষার্থীকে বাছাই করে বিভিন্ন পাকিস্তানি বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে।

এই বৃত্তির আওতায় শিক্ষার্থীদের বিমান ভাড়া, থাকা-খাওয়া, টিউশন ফি এবং ছুটিতে দেশে আসা-যাওয়ার খরচও বহন করবে পাকিস্তান সরকার, যা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত আকর্ষণীয় সুযোগ হিসেবে দেখা হচ্ছে।