Date: May 11, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে কারাগারে মা! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে কারাগারে মা!

May 11, 2026 08:38:35 PM   অনলাইন ডেস্ক
লক্ষ্মীপুরে দুধের শিশু নিয়ে কারাগারে মা!

লক্ষ্মীপুরে একটি মারধরের মামলায় ফারহানা আক্তার শিল্পি নামে এক নারীকে কারাগারে পাঠানোর ঘটনায় আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আদালতের নির্দেশে মায়ের সঙ্গে কারাগারে যেতে হয়েছে তার দুধের শিশুকেও। আর জেলগেটের বাইরে স্কুলড্রেস পরে দাঁড়িয়ে ছিল শিল্পির আরও দুই সন্তান।

সোমবার (১১ মে) বিকেলে লক্ষ্মীপুর জেলা কারাগারে এমন দৃশ্য দেখা যায়, যা উপস্থিত মানুষের মনে নাড়া দেয়।

আদালত সূত্র জানায়, সিআর-৫৬৫ নম্বর মামলায় শিল্পি ও জহির উদ্দিন নামে আরও একজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সদর। আদালতের বিচারক শাহ জামাল দুপুরে এ আদেশ দেন। পরে বিকেলে তাদের কারাগারে নেওয়া হয়।

আসামিপক্ষের আইনজীবী মহসিন কবির স্বপন জানান, শিল্পির সঙ্গে তার দুধের শিশু সিয়ামকেও কারাগারে থাকতে হচ্ছে। অন্যদিকে জেলগেটের সামনে মায়ের অপেক্ষায় দাঁড়িয়ে ছিল তার আরও দুই সন্তান—পঞ্চম শ্রেণির শিক্ষার্থী শিপন হোসেন (১০) ও দ্বিতীয় শ্রেণির ছাত্রী তামান্না আক্তার (৮)। তারা শহীদ স্মৃতি আদর্শ একাডেমির শিক্ষার্থী এবং বর্তমানে তাদের পরীক্ষা চলছে।

ঘটনার একটি ভিডিও ও শিশুদের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে আইনজীবী মহসিন কবির স্বপন প্রশ্ন তোলেন, মামলার অভিযোগের সঙ্গে বাস্তব ঘটনার মিল রয়েছে কি না। তিনি দাবি করেন, ভিডিওতে শিল্পিকে মার খেতে দেখা গেলেও তাকে হামলাকারী হিসেবে দেখানো হয়েছে।

আরেক আইনজীবী রাকিবুল হাসান তামিম বলেন, মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, শিল্পি লোহার রড দিয়ে বাদীর মাথায় আঘাত করে গুরুতর জখম করেছেন। তবে আদালতে জমা দেওয়া মেডিকেল সার্টিফিকেটে আঘাতকে ‘সাধারণ জখম’ হিসেবে উল্লেখ করা হয়েছে। তার দাবি, এটি জামিনযোগ্য অপরাধ হলেও আদালত শিল্পিসহ দুজনকে কারাগারে পাঠিয়েছেন।

লক্ষ্মীপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার নুর মোহাম্মদ সোহেল জানান, শিল্পি তার ছোট শিশুসন্তানকে নিয়ে বর্তমানে কারাগারে আছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বাদী মাহাতাব উদ্দিন ভূঁইয়া গত ১৫ এপ্রিল হামলার অভিযোগ এনে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি সদর আদালতে মামলা করেন। এতে শিল্পিসহ ১০ জনের নাম উল্লেখ এবং আরও পাঁচজনকে অজ্ঞাত আসামি করা হয়।

ঘটনাটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে দুধের শিশুকে নিয়ে মায়ের কারাগারে যাওয়া এবং বাইরে দুই শিশুর অপেক্ষার দৃশ্য অনেককেই আবেগাপ্লুত করেছে।