


শিক্ষার্থীবান্ধব নীতিমালা প্রণয়ন, ইসলামিক স্টাডিজ ও বাংলাদেশ স্টাডিজ কোর্সকে নন-ক্রেডিট হিসেবে বহাল, আল ফিকহ এন্ড ল বিভাগে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য ৫০ শতাংশ সিট বাতিল এবং এনালগ পদ্ধতিতে ভর্তি জটিলতা, শিক্ষার্থীদের মূল ও সাময়িক সনদপত্র, ট্রান্সক্রিপ্ট/নম্বরপত্র উত্তোলনে দীর্ঘসূত্রতা ও ভোগান্তি নিরসনের দাবিতে ইসলামী বিশ্বিবদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বরাবর স্মারকলিপি প্রদান করেছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
সোমবার (১১ মে) বেলা ২ টার দিকে ভিসি কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করে সংগঠনটি।
এসময় ইবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমী মিথুন, রোকনুজ্জামান অর্ক, উল্লাস মাহমুদ, রাফিজ আহমেদ, নুর উদ্দিন, সাইফুল্লাহসহ অন্য নেতাকর্মীরা।
স্মারকলিপিতে বলা হয়, প্রশাসনের সাম্প্রতিক কিছু একতরফা ও তড়িঘড়ি সিদ্ধান্ত শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ ও বৈষম্যের অনুভূতি সৃষ্টি করছে। বিশ্ববিদ্যালয়কে একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ হিসেবে গড়ে তোলার স্বার্থে স্মারকলিপিতে তারা বেশকিছু দাবি উত্থাপন করেন।
দাবিগুলো হলো- সকল ধর্মের শিক্ষার্থীদের জন্য ইসলামিক স্টাডিজ এবং বাংলাদেশ স্টাডিজ কোর্স বাধ্যতামূলক না করে নন-ক্রেডিট হিসেবে বহাল রাখতে হবে, আল-ফিকহ অ্যান্ড ল’ বিভাগে ভর্তির ক্ষেত্রে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য ৫০% কোটা বাতিল করে সকল শিক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে, এনালগ পদ্ধতিতে ভর্তি জটিলতা, শিক্ষার্থীদের মূল ও সাময়িক সনদপত্র, ট্রান্সক্রিপ্ট উত্তোলনে দীর্ঘসূত্রতা ও ভোগান্তি নিরসনে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
উপাচার্য নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, 'আমরা সকল কোর্স ক্রেডিট কোর্স করবো। এই কোর্সটি এমন না যে অনন্য ধর্মালম্বী শিক্ষার্থীদের নামাজ, রোজা শিখানো হবে। ইসলামিক স্টাডিজ কোর্স আমরা এমন ভাবে ডিজাইন করবো যাতে সকলে পড়তে পারে এবং তুলনামূলক ধর্মতত্ত্ব সম্পর্কে শিক্ষার্থীরা জানতে পারে।'