Date: May 11, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / নৃত্যশিল্পীকে সংঘবদ্ধ বলাৎকারের অভিযোগ, গ্রেপ্তার ১! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নৃত্যশিল্পীকে সংঘবদ্ধ বলাৎকারের অভিযোগ, গ্রেপ্তার ১!

May 11, 2026 08:57:19 PM   অনলাইন ডেস্ক
নৃত্যশিল্পীকে সংঘবদ্ধ বলাৎকারের অভিযোগ, গ্রেপ্তার ১!

ঢাকার সাভারে এক নৃত্যশিল্পীকে সংঘবদ্ধভাবে বলাৎকারের অভিযোগে বিপ্লব হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আরও এক অভিযুক্ত পলাতক রয়েছেন।সোমবার (১১ মে) ভোরে রাজশাহীর বাঘা উপজেলার বানিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিপ্লবকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার বিপ্লব হোসেন রাজশাহীর বাঘা থানার বানিয়াপাড়া গ্রামের বাসিন্দা। ভুক্তভোগী একজন নৃত্যশিল্পী।

মামলা ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, প্রায় ১৭ বছর ধরে বিপ্লবের সঙ্গে ভুক্তভোগীর সম্পর্ক ছিল। একপর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে তাকে ভারতে পাঠিয়ে জেন্ডার পরিবর্তনের চিকিৎসা করানো হয়। দীর্ঘ সময় চিকিৎসার পর দেশে ফিরে ভুক্তভোগী জানতে পারেন, বিপ্লব অন্যত্র বিয়ে করেছেন। একইসঙ্গে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার কাছ থেকে প্রায় ৩০ লাখ টাকা নেওয়ার অভিযোগও করা হয়েছে।

ভুক্তভোগীর দাবি, জেন্ডার পরিবর্তনের আগেই বিপ্লব তার সঙ্গে ভবিষ্যতে সংসার করার প্রতিশ্রুতি দেন এবং এ বিষয়ে অর্থনৈতিক চুক্তিও হয়েছিল। কিন্তু দেশে ফেরার পর তিনি প্রতারণার শিকার হন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৬ মে রাতে সাভার পৌর এলাকার একটি ভাড়া বাসায় গিয়ে বিপ্লব হোসেন ও শান্ত পান্ড জোরপূর্বক ঘরে প্রবেশ করেন। পরে তারা ভুক্তভোগীকে বলাৎকার করেন এবং হত্যার হুমকিও দেন বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় বিপ্লব হোসেনকে প্রধান আসামি ও শান্ত পান্ডেকে দ্বিতীয় আসামি করে অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়। অভিযোগের পর তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে রাজশাহী থেকে বিপ্লবকে গ্রেপ্তার করে পুলিশ।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী জানান, ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করে। গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং তার বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। পলাতক অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।