


রাজধানীতে ভিভিআইপি প্রটোকল ভেঙে জরুরি সেবার অ্যাম্বুলেন্সকে অগ্রাধিকার দিয়ে পথ করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই মানবিক সিদ্ধান্ত সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
বুধবার (৬ মে) সকাল ৯টার কিছু আগে রাজধানীর এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ানবাজার প্রান্তে এই ঘটনা ঘটে। প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর তখন বনানী এক্সপ্রেসওয়ে হয়ে সচিবালয়ের দিকে যাচ্ছিল।
হঠাৎ করে প্রধানমন্ত্রীর নজরে আসে, পেছন থেকে সাইরেন বাজিয়ে একটি অ্যাম্বুলেন্স দ্রুত পথ অতিক্রমের চেষ্টা করছে। পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে তিনি সঙ্গে সঙ্গে গাড়িবহরে থাকা নিরাপত্তা কর্মকর্তাদের অ্যাম্বুলেন্সকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দেন।
নির্দেশ পাওয়ার পরপরই নিরাপত্তা কর্মকর্তারা দ্রুত ব্যবস্থা নিয়ে অ্যাম্বুলেন্সকে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেন। এতে জরুরি চিকিৎসা সেবার যানটি নির্বিঘ্নে তার গন্তব্যের দিকে যেতে সক্ষম হয়।
সাধারণত ভিভিআইপি বহরের কারণে সড়কে অন্যান্য যানবাহনকে অপেক্ষা করতে হয়। তবে এই ঘটনায় প্রচলিত প্রটোকল ভেঙে মানবিক দৃষ্টিভঙ্গিকে অগ্রাধিকার দেন প্রধানমন্ত্রী, যা নজিরবিহীন বলে মনে করছেন অনেকে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পুরো ঘটনাটি ছিল সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত। সাধারণ মানুষ এমন দৃশ্য খুব কমই দেখে থাকেন। অনেকেই এটিকে একজন রাষ্ট্রপ্রধানের দায়িত্ববোধ, মানবিকতা এবং সহমর্মিতার গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে দেখছেন।