Date: May 06, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আবহাওয়া / বিকেলের মধ্যেই ৮ জেলায় কালবৈশাখীর শঙ্কা, বজ্রবৃষ্টির সতর্কতা জারি - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বিকেলের মধ্যেই ৮ জেলায় কালবৈশাখীর শঙ্কা, বজ্রবৃষ্টির সতর্কতা জারি

May 06, 2026 01:12:22 PM   দেশেরপত্র ডেস্ক
বিকেলের মধ্যেই ৮ জেলায় কালবৈশাখীর শঙ্কা, বজ্রবৃষ্টির সতর্কতা জারি

দেশের আটটি জেলার ওপর দিয়ে আজ বিকেলের মধ্যে শক্তিশালী কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। ঝড়ো হাওয়া ও বজ্রপাতের ঝুঁকি থাকায় নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

বুধবার (৬ মে) আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত এক পূর্বাভাসে জানানো হয়, বিকেল ৩টার মধ্যে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জেলায় দমকা বা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, নওগাঁ, রংপুর, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, বগুড়া ও সিরাজগঞ্জ জেলার কিছু এলাকায় অস্থায়ীভাবে শক্তিশালী কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এর সঙ্গে বজ্রপাত ও বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই সময় আকাশে বিদ্যুৎ চমকানো ও হঠাৎ ঝড়ো হাওয়ার কারণে জনজীবনে কিছুটা বিঘ্ন ঘটতে পারে। তাই বিশেষ করে বজ্রপাতের সময় প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যেতে নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আরেক পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-একটি স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অনেক জায়গায় দমকা ও ঝড়ো হাওয়াও বয়ে যেতে পারে।

দেশের বিভিন্ন অঞ্চলে আবহাওয়ার এই পরিবর্তনের কারণে দিনভর বজ্রবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।