


আসন্ন কুরবানির ঈদকে সামনে রেখে পশুর হাটে কোনো ধরনের চাঁদাবাজি বা অনিয়ম বরদাশত করা হবে না বলে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি স্পষ্ট করে বলেন, এবার হাট ব্যবস্থাপনায় শৃঙ্খলা, নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ সতর্ক থাকবে।
বুধবার (৬ মে) সকালে রাজধানীর গাবতলি পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি জানান, কুরবানির পশু পরিবহন ও হাট ব্যবস্থাপনার প্রতিটি ধাপে শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ নজরদারি থাকবে এবং চাঁদাবাজির মতো কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, পশু আনা-নেয়ার সময় সড়কে চাঁদাবাজি রোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযোগ পাওয়া মাত্রই দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে, কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
আসন্ন ঈদকে কেন্দ্র করে যানজট নিয়ন্ত্রণ ও জনদুর্ভোগ কমাতে আগাম পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি। এর অংশ হিসেবে রেললাইন ও সড়কের পাশে পশুর হাট বসানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে, যাতে যান চলাচলে কোনো বাধা সৃষ্টি না হয়।
প্রতিমন্ত্রী আরও বলেন, হাটগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে। পুলিশ, র্যাব এবং সেনাবাহিনী যৌথভাবে দায়িত্ব পালন করবে। পাশাপাশি ইজারাদারদের নিজস্ব স্বেচ্ছাসেবক দল থাকবে, যারা হাট ব্যবস্থাপনায় সহযোগিতা করবে।
তিনি জানান, হাটে শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন পক্ষের সুপারিশ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ইজারাদার ও প্রশাসন সমন্বিতভাবে কাজ করবে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে। পাশাপাশি ওয়াচটাওয়ার স্থাপন এবং নকল টাকা ব্যবহার রোধে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।
আসন্ন কুরবানির পশুর হাটকে নিরাপদ, স্বচ্ছ ও জনবান্ধব করতে সরকার সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী।