Date: April 21, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / প্রযুক্তি / গুগল ক্রোম এক্সটেনশন দিয়ে ব্যবহারকারীদের তথ্য চুরির আশঙ্কা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গুগল ক্রোম এক্সটেনশন দিয়ে ব্যবহারকারীদের তথ্য চুরির আশঙ্কা

December 29, 2025 04:06:26 PM   প্রযুক্তি ডেস্ক
গুগল ক্রোম এক্সটেনশন দিয়ে ব্যবহারকারীদের তথ্য চুরির আশঙ্কা

গুগল ক্রোম ব্রাউজারে ব্যবহৃত দুটি এক্সটেনশনের মাধ্যমে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চুরি এবং ইন্টারনেট ব্যবহারের ওপর গোপন নিয়ন্ত্রণের অভিযোগ উঠেছে। সাইবার নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠান সকেট সিকিউরিটি এই সংক্রান্ত গুরুতর নিরাপত্তা ঝুঁকির তথ্য প্রকাশ করেছে।

গবেষণায় বলা হয়েছে, একই প্রতিষ্ঠানের তৈরি এই দুটি এক্সটেনশনের নাম ‘ফ্যান্টম শাটল’। এর একটি ডেভেলপারদের জন্য বিভিন্ন টুল ও সহায়তা দেওয়ার উদ্দেশ্যে তৈরি, আর অন্যটি নেটওয়ার্কের গতি পরীক্ষা করার কাজে ব্যবহৃত হয়। তবে আড়ালে এই এক্সটেনশনগুলো ব্যবহারকারীদের অজান্তেই সংবেদনশীল তথ্য সংগ্রহ করছে এবং ইন্টারনেট ট্রাফিক নিয়ন্ত্রণে সক্ষম হচ্ছে।

গবেষকেরা জানিয়েছেন, এসব এক্সটেনশন ব্যবহারকারীর ব্রাউজিং অভ্যাস, অনলাইন কার্যক্রম এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে পাঠাতে পারে। এতে ব্যবহারকারীরা পরিচয় চুরি, আর্থিক জালিয়াতি বা আরও বড় ধরনের সাইবার আক্রমণের ঝুঁকিতে পড়তে পারেন। উদ্বেগজনক বিষয় হলো, অভিযোগ ওঠার পরও এক্সটেনশন দুটি এখনও গুগলের ক্রোম ওয়েব স্টোরে পাওয়া যাচ্ছে এবং গুগলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

নিরাপত্তা বিশেষজ্ঞরা ব্যবহারকারীদের দ্রুত এক্সটেনশন দুটি ব্রাউজার থেকে অপসারণ করার পাশাপাশি ভবিষ্যতে এসব এক্সটেনশন ইনস্টল না করার পরামর্শ দিয়েছেন। তারা সতর্ক করে বলেন, অপ্রয়োজনে একাধিক ব্রাউজার এক্সটেনশন ব্যবহার করলে ঝুঁকি বহুগুণ বেড়ে যায়।

সাইবার নিরাপত্তা বিশ্লেষকরা জানিয়েছেন, নিরাপদ থাকতে হলে ব্যবহারকারীদের কয়েকটি বিষয়ে সচেতন থাকতে হবে। যেমন, শুধুমাত্র প্রয়োজনীয় এক্সটেনশন ব্যবহার করা, ইনস্টল করার আগে এক্সটেনশনের রিভিউ ও রেটিং যাচাই করা, অপরিচিত ডেভেলপারের এক্সটেনশন এড়িয়ে চলা এবং নিয়মিত ব্রাউজারের অনুমতিসমূহ পর্যালোচনা করা।