Date: May 11, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / মসজিদে গিয়ে টিকটক করায় স্কুলছাত্রী বহিষ্কার! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

মসজিদে গিয়ে টিকটক করায় স্কুলছাত্রী বহিষ্কার!

May 11, 2026 08:03:43 PM   অনলাইন ডেস্ক
মসজিদে গিয়ে টিকটক করায় স্কুলছাত্রী বহিষ্কার!

জামালপুরের দেওয়ানগঞ্জে স্কুলড্রেস পরে মসজিদে গিয়ে টিকটক ভিডিও ধারণ এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট এক স্কুলছাত্রীকে বিদ্যালয় থেকে ছাড়পত্র (টিসি) দেওয়া হয়েছে। রোববার (১১ মে) দুপুরে দেওয়ানগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ ওই সিদ্ধান্ত কার্যকর করে।

জানা গেছে, টিসি পাওয়া শিক্ষার্থীর নাম মোছা. সিনথিয়া আক্তার শান্তা। তিনি বিদ্যালয়ের নবম শ্রেণির ভোকেশনাল শাখার জেনারেল ইলেকট্রনিক্স ট্রেডের শিক্ষার্থী ছিলেন।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মশিহুর রহমান স্বাক্ষরিত এক নোটিশে জানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীর কিছু টিকটক ভিডিও ছড়িয়ে পড়ায় বিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং এটি শিক্ষাপ্রতিষ্ঠানের শৃঙ্খলা পরিপন্থী।

নোটিশে আরও উল্লেখ করা হয়, বিদ্যালয়ের ঐতিহ্য ও সুনাম রক্ষার স্বার্থে এবং ভবিষ্যতে অন্য শিক্ষার্থীরা যেন এ ধরনের কর্মকাণ্ডে জড়াতে উৎসাহিত না হয়, সে কারণে তাকে বিদ্যালয় থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন, “বিদ্যালয়ের শৃঙ্খলা ও সুনাম রক্ষার্থে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। আমরা চাই শিক্ষার্থীরা নৈতিকতা ও শৃঙ্খলার মধ্যে থেকে নিজেদের পরিচালনা করুক।”

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়ভাবে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ বিদ্যালয়ের সিদ্ধান্তকে শৃঙ্খলা রক্ষার পদক্ষেপ হিসেবে দেখছেন, আবার কেউ একজন শিক্ষার্থীর ভবিষ্যতের বিষয়টি বিবেচনায় আরও সহনশীল হওয়ার আহ্বান জানিয়েছেন।