Date: May 11, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / মোটরসাইকেল কিনে বাড়ি ফেরার পথে স্কুলছাত্রের মৃত্যু! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

মোটরসাইকেল কিনে বাড়ি ফেরার পথে স্কুলছাত্রের মৃত্যু!

May 11, 2026 04:51:48 PM   অনলাইন ডেস্ক
মোটরসাইকেল কিনে বাড়ি ফেরার পথে স্কুলছাত্রের মৃত্যু!

ময়মনসিংহের নান্দাইলে মোটরসাইকেল কিনে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মো. শুভ মিয়া (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলচালক পরশ (১৫), যিনি চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী।

রোববার (১০ মে) রাত ৯টার দিকে উপজেলার কানুরামপুর-ত্রিশাল সড়কের চরশ্রীরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শুভ মিয়া নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কমলপুর গ্রামের রিপন মিয়ার ছেলে। সে স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। আহত পরশ কেন্দুয়ার সাগলি এলাকার হাবিবুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে পরশ ও শুভ নেত্রকোনার কেন্দুয়া থেকে ভালুকা উপজেলার ‘হাবিব বাইক কেয়ার’ নামের একটি দোকানে মোটরসাইকেল কিনতে যান। সেখানে প্রায় দেড় লাখ টাকায় একটি পুরোনো মোটরসাইকেল কেনেন পরশ।

সন্ধ্যার পর নতুন কেনা মোটরসাইকেলটি নিয়ে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে চরশ্রীরামপুর এলাকায় পৌঁছালে সড়কের পাশে পড়ে থাকা বোরো ধানের খড়ের আঁটির ওপর দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পিছলে যায়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং চালকসহ দুই কিশোর সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয় এক পথচারী ও সিএনজিচালিত অটোরিকশাচালক তাদের উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুভ মিয়ার মৃত্যু হয়। আহত পরশের অবস্থাও গুরুতর বলে জানা গেছে।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাহারুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।