Date: May 17, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / প্রবাস / দক্ষিণ কোরিয়ায় আসিফ মাহমুদকে নাগরিক সংবর্ধনা, প্রবাসীদের নানা দাবি - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

দক্ষিণ কোরিয়ায় আসিফ মাহমুদকে নাগরিক সংবর্ধনা, প্রবাসীদের নানা দাবি

May 17, 2026 06:34:04 PM   আন্তর্জাতিক ডেস্ক
দক্ষিণ কোরিয়ায় আসিফ মাহমুদকে নাগরিক সংবর্ধনা, প্রবাসীদের নানা দাবি

দক্ষিণ কোরিয়ায় প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রবাসীদের উপস্থিতিতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, প্রবাসীদের ভোটাধিকার এবং বিভিন্ন সমস্যার বিষয়ে আলোচনা হয়।

রোববার (১৭ মে) স্থানীয় সময় দুপুর ১২টায় খিম্পু শহরের খিম্পু ফরেন সাপোর্ট সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির আয়োজন করে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের দক্ষিণ কোরিয়া শাখা।

অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি, এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বক্তব্যে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রবাসীদের আতিথেয়তা ও আন্তরিকতার জন্য কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশের সংকটময় মুহূর্তে প্রবাসীরাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিল এবং তারা দেশের পরিবর্তনের আশা জাগিয়ে রেখেছিল।

তিনি আরও বলেন, ভবিষ্যতে জুলাই সনদ ও গণভোট বাস্তবায়নে প্রবাসীদের ঐক্যবদ্ধ থাকা জরুরি। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে জুলাই গণঅভ্যুত্থানের বার্তা পৌঁছে দিতে প্রবাসীদের সক্রিয় ভূমিকার আহ্বান জানান তিনি।

আসিফ মাহমুদ আশ্বাস দেন, ভবিষ্যতের জাতীয় নির্বাচনগুলোতে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে এনসিপি কাজ করে যাবে।

অনুষ্ঠানে প্রবাসীরা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল—বিদেশে মৃত্যুবরণ করা শিক্ষার্থীদের মরদেহ বিনামূল্যে দেশে পাঠানো, অভিবাসন প্রক্রিয়া সহজীকরণ, দালাল চক্র নিয়ন্ত্রণ, বিমানবন্দরে হয়রানি বন্ধ এবং প্রবাসীদের নীতি-নির্ধারণে আরও বেশি অন্তর্ভুক্তি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত, এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স দক্ষিণ কোরিয়ার আহ্বায়ক আরিফুর রহমান এবং সদস্য সচিব বাবুল মিয়া।