Date: May 17, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / ঘোড়াঘাটে বাড়ির উঠানে করাতকল শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ঘোড়াঘাটে বাড়ির উঠানে করাতকল শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার

May 17, 2026 06:51:28 PM   অনলাইন ডেস্ক
ঘোড়াঘাটে বাড়ির উঠানে করাতকল শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাট পৌর শহরে আলম মিয়া (৬০) নামের এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নয়াপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে। নিহত আলম মিয়া ওই এলাকার মৃত মোখছেদ শেখের ছেলে ছিলেন। তিনি পেশায় একটি করাতকলের শ্রমিক হিসেবে কাজ করতেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলম মিয়া তার স্ত্রীকে নিয়ে নিজ বাড়িতে থাকতেন। রাতের কোনো এক সময় তার স্ত্রী বাড়ির উঠানে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। সেই সময় তার মাথায় আঘাতের চিহ্ন ছিল এবং গলা কাটা অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়ে ছিলেন। স্ত্রীর চিৎকার শুনে তার ছেলে মো. আশরাফুল ইসলাম ঘটনাস্থলে এসে স্বজনদের সহায়তায় তাকে উদ্ধার করেন।

পরে রাত সাড়ে ৩টার দিকে তাকে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আলম মিয়াকে মৃত ঘোষণা করেন। তার এমন অস্বাভাবিক মৃত্যুর ধরণ দেখে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েছেন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।