Date: May 17, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / ঈদযাত্রা নির্বিঘ্নে সারা দেশে কাজ করবে ৬৯টি মোবাইল কোর্ট: সড়ক মন্ত্রী - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকা...

ঈদযাত্রা নির্বিঘ্নে সারা দেশে কাজ করবে ৬৯টি মোবাইল কোর্ট: সড়ক মন্ত্রী

May 17, 2026 07:59:12 PM   জেলা প্রতিনিধি
ঈদযাত্রা নির্বিঘ্নে সারা দেশে কাজ করবে ৬৯টি মোবাইল কোর্ট: সড়ক মন্ত্রী

বোরহান উদ্দিন,  রাজবাড়ী প্রতিনিধি:

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যাত্রীদের নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করতে সারা দেশে মোবাইল কোর্টের সংখ্যা বাড়ানোর ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন, সেতু ও নৌ পরিবহন মন্ত্রী । তিনি বলেন, ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি বন্ধে বাস টার্মিনাল এবং মহাসড়কে কঠোর নজরদারি থাকবে।

রবিবার (১৭ মে) দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসন ও বিআরটিএ রাজবাড়ীর আয়োজনে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গণসচেতনতামূলক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, গত ঈদুল ফিতরে সারা দেশে ২৫টি মোবাইল কোর্ট পরিচালিত হলেও এবার ঈদুল আজহাকে সামনে রেখে সেই সংখ্যা বাড়িয়ে ৬৯টি করা হচ্ছে। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, টার্মিনালগুলোতে প্রশাসনের নজরদারি জোরদার করা হবে। তবে মহাসড়কের মাঝপথ থেকে অতিরিক্ত ভাড়া দিয়ে যাত্রীরা গাড়িতে উঠলে তা প্রতিরোধ করা আইনশৃঙ্খলা বাহিনীর জন্য অনেক সময় কঠিন হয়ে পড়ে।

তিনি আরও বলেন, দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় পরিবহনের ত্রুটি এবং চালকের গাফিলতির বিষয় পাওয়া গেছে। এ ধরনের দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবিতে নিহত ২৪ জনসহ জেলার বিভিন্ন সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোট ৬২টি পরিবারের মাঝে ২ কোটি ৫৯ লাখ টাকার চেক বিতরণ করেন মন্ত্রী। এসময় জেলা প্রশাসন, বিআরটিএ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।