


মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে গুলি ও বোমা হামলার ঘটনায় মুকুল হোসেন (৫৫) নামে এক বিএনপি কর্মী গুরুতর আহত হয়েছেন। সোমবার (২০ এপ্রিল) ভোরে এ ঘটনা ঘটে। আহত মুকুল হোসেন সাহারবাটি গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে হাঁটার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে ভাটপাড়া মোড়ে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে তার বুকে, পিঠে ও হাতে গুলি লাগে এবং তিনি রাস্তায় লুটিয়ে পড়েন।
এ সময় হামলাকারীরা কয়েকটি বোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়।
গুলির শব্দ ও বিস্ফোরণের আওয়াজ পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয়দের দাবি, মুকুল হোসেন এলাকায় বিএনপির একটি পক্ষের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। আধিপত্য বিস্তার বা পূর্ব শত্রুতার জেরে এই হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।