Date: April 20, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আন্তর্জাতিক / ইরানি কার্গো আটক যুক্তরাষ্ট্রের, তেহরানের প্রতিশোধের হুঁশিয়ারি - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ইরানি কার্গো আটক যুক্তরাষ্ট্রের, তেহরানের প্রতিশোধের হুঁশিয়ারি

April 20, 2026 11:58:33 AM   আন্তর্জাতিক ডেস্ক
ইরানি কার্গো আটক যুক্তরাষ্ট্রের, তেহরানের প্রতিশোধের হুঁশিয়ারি

ওমান উপসাগরের হরমুজ প্রণালির কাছে ইরানের একটি পতাকাবাহী কার্গো জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র। এ ঘটনার পর তেহরান কঠোর প্রতিক্রিয়া জানিয়ে “চরম প্রতিশোধের” হুঁশিয়ারি দিয়েছে, যা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়িয়েছে।

রবিবার (২০ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, ট্রাম্পের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া একটি পোস্টে দাবি করা হয়েছে, ‘তৌসকা’ নামের ওই জাহাজটিকে থামার নির্দেশ দেওয়া হলেও সেটি তা অমান্য করে। এরপরই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জাহাজটি জব্দ করা হয়।

ঘটনাটি ঘটেছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির কাছাকাছি এলাকায়, যা বিশ্ব জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হিসেবে পরিচিত।

এই ঘটনার পর ইরান কড়া প্রতিক্রিয়া জানিয়ে যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ করেছে। তেহরানের দাবি, যুদ্ধবিরতির প্রেক্ষাপটে এই পদক্ষেপ “সশস্ত্র জলদস্যুতা”র শামিল। তারা সতর্ক করে বলেছে, এ ঘটনার “উপযুক্ত ও কঠোর জবাব” দেওয়া হবে।

এরই মধ্যে হোয়াইট হাউজ জানিয়েছে, ইরানের সঙ্গে চলমান উত্তেজনা প্রশমনের লক্ষ্যে পাকিস্তানে দ্বিতীয় দফা আলোচনার পরিকল্পনা রয়েছে। এই আলোচনায় যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স নেতৃত্ব দেবেন বলে নিশ্চিত করা হয়েছে।

তবে এখনো ইরান আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় দফা আলোচনায় অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত জানায়নি। বিশ্লেষকদের মতে, সর্বশেষ এই জাহাজ আটক ঘটনাটি আলোচনার ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করে তুলতে পারে এবং দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।