


২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কথা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তবে তিনি স্পষ্ট করেছেন, ওই আলোচনা ছিল সম্পূর্ণ সৌজন্যমূলক এবং সেখানে কোনো রাজনৈতিক বিষয় নিয়ে কথা হয়নি।
রোববার (১৯ এপ্রিল) একটি টেলিভিশন টকশোতে অংশ নিয়ে জিএম কাদের এ তথ্য জানান। উপস্থাপকের প্রশ্নের জবাবে তিনি বলেন, পটপরিবর্তনের পর শেখ হাসিনার সঙ্গে তার যোগাযোগ হয়েছে, তবে তা ছিল শুধুই কুশল বিনিময়ের মধ্যে সীমাবদ্ধ।
তিনি বলেন, “কুশল বিনিময় হয়েছে। উনি কেমন আছেন, ভালো আছেন—এই ধরনের কথাই হয়েছে। এর বাইরে কোনো রাজনৈতিক আলোচনা হয়নি।
শেখ হাসিনার দেশে ফেরা বা রাজনীতিতে আবার সক্রিয় হওয়া নিয়ে কোনো কথা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে জিএম কাদের বলেন, এ ধরনের কোনো আলোচনা হয়নি। তার ভাষায়, তিনি শেখ হাসিনার সঙ্গে সরাসরি রাজনৈতিকভাবে যুক্ত নন, তাই এ বিষয়ে কোনো আলোচনা হওয়ার প্রশ্নই ওঠে না।
জাপা চেয়ারম্যান আরও ইঙ্গিত দেন যে, তাদের মধ্যে যে যোগাযোগ হয়েছে তা সম্পূর্ণ ব্যক্তিগত ও আনুষ্ঠানিক সৌজন্য রক্ষার মধ্যেই সীমাবদ্ধ ছিল।