


দেশের তিনটি অঞ্চলে দুপুরের মধ্যে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এতে ঘণ্টায় ৬১ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা হাওয়া, বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার (২০ এপ্রিল) ভোরে দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে শক্তিশালী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বজ্রসহ বৃষ্টি হওয়ার আশঙ্কাও রয়েছে।
ঝড়ের সতর্কতা হিসেবে ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বিশেষভাবে নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
সিনপটিক অবস্থার ব্যাখ্যায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে উত্তর বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় অবস্থান করছে, যা দেশের আবহাওয়ায় প্রভাব ফেলছে।
এ ছাড়া আজ সন্ধ্যা পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় এবং রংপুর, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানানো হয়েছে।
তবে দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।