


ফরিদপুর শহরে চাঁদা না পেয়ে আমিন শরীফ (৫৫) নামে এক কৃষক দল নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ সময় তার হোটেলে ভাঙচুরের ঘটনাও ঘটে। তিনি ফরিদপুর মহানগর কৃষক দলের সহসভাপতি। রোববার (১৯ এপ্রিল) বিকেল সাড়ে চারটার দিকে শহরের হাজি শরীয়তুল্লাহ বাজার এলাকায় অবস্থিত আবাসিক হোটেল ‘সিটি গার্ডেনে এ হামলার ঘটনা ঘটে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, একদল সশস্ত্র ব্যক্তি হোটেলের দ্বিতীয় তলার কাউন্টারে গিয়ে আমিন শরীফের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা হোটেলের আসবাবপত্র ও সিসি ক্যামেরা ভাঙচুর করে, এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়।
একপর্যায়ে হামলাকারীরা তাকে হোটেলের ছাদে নিয়ে গিয়ে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এতে তার বাম হাতের কবজি, বাহু ও কনুই গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। হামলার সময় তার পকেট থেকে নগদ ২৫ হাজার ৫০০ টাকাও ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় তার ছেলে মো. সরোয়ার শরীফ বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানা-তে মামলা দায়ের করেছেন। মামলায় আলিপুর এলাকার তমাল ও মাহমুদসহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
ফরিদপুর মহানগর কৃষক দলের সভাপতি অ্যাডভোকেট মামুন অর রশিদ মামুন এ হামলার নিন্দা জানিয়ে দ্রুত জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। বর্তমানে আহত আমিন শরীফ ফরিদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহীদুল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।