


দিনাজপুর শহরের সুইহারী আশ্রমপাড়া এলাকায় একটি বাসায় আগুনে পুড়ে তপন সরকার ও তার স্ত্রী লতা সরকারের মৃত্যু হয়েছে। রবিবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গভীর রাতে বাড়িটি থেকে আগুনের শিখা দেখতে পেয়ে প্রতিবেশীরা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। পরে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন নেভানোর পর ঘরের ভেতর থেকে ওই দম্পতির মরদেহ উদ্ধার করা হয়।
দিনাজপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ওবায়দুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।
ঘটনার প্রকৃত কারণ জানতে আরও তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।