


ঢাকার আশুলিয়ায় বন্ধুর ডাকে বাসায় গিয়ে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন পারভেজ হোসেন (২৬)। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে তারই বন্ধু শাহাদাৎ হোসেনের (২৫) বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত পালিয়ে গেলেও তার পরিবারের তিন সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
রোববার (১০ মে) রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার কোনাপাড়া হারুন গেট এলাকার হাজী জয়নালের ভাড়া বাসায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। এতে এলাকায় চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাতের দিকে শাহাদাৎ হোসেন তার বন্ধু পারভেজ হোসেনকে বাসায় ডাকেন। পরবর্তীতে তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
কথাকাটাকাটির একপর্যায়ে শাহাদাৎ হোসেন ঘরে থাকা ধারালো দা দিয়ে পেছন থেকে পারভেজকে কুপিয়ে আহত করেন বলে অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই অভিযুক্ত শাহাদাৎ হোসেন পালিয়ে যায়। তিনি গাইবান্ধা সদর থানার কলাইহাটি কুমাড়পাড়া এলাকার আলমগীর হোসেনের ছেলে বলে জানা গেছে। তারা সবাই আশুলিয়ার একই ভাড়া বাসায় বসবাস করতেন।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। পাশাপাশি অভিযুক্তকে ধরতে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী।
এ ঘটনায় শাহাদাৎ হোসেনের বাবা আলমগীর হোসেন, মা শাহিদা আক্তার এবং ভাই শাহিন হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের পরপরই মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি পারিবারিক সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যাতে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করা যায়।