Date: May 11, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / নারায়ণগঞ্জে ভাড়া বাসায় বিস্ফোরণ, গুরুতর ৪ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নারায়ণগঞ্জে ভাড়া বাসায় বিস্ফোরণ, গুরুতর ৪

May 11, 2026 02:10:55 PM   অনলাইন ডেস্ক
নারায়ণগঞ্জে ভাড়া বাসায় বিস্ফোরণ, গুরুতর ৪

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ভাড়া বাসায় গ্যাস বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। গুরুতর অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সোমবার (১১ মে) সকাল সাড়ে ৬টার দিকে ফতুল্লার শিবু মার্কেট সংলগ্ন কুতুবপুর রাখিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন আব্দুল কাদের (৫০) এবং তার তিন ছেলে মেহেদী (১৭), সাকিব (১৬) ও রাকিব (১৬)। তাদের গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব উপজেলায়।

স্থানীয়দের ভাষ্য, বিকট শব্দ শুনে আশপাশের মানুষ ঘটনাস্থলে ছুটে যান। গিয়ে দেখা যায়, বিস্ফোরণে ঘরের দরজা-জানালা ভেঙে গেছে। পরে দগ্ধ অবস্থায় পরিবারের সদস্যদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

প্রতিবেশী মো. ফারুক জানান, আব্দুল কাদের পরিবার নিয়ে ওই একতলা ভবনের একটি ইউনিটে ভাড়া থাকতেন। সকালে হঠাৎ বিস্ফোরণের শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লিকেজ থেকে জমে থাকা গ্যাস অথবা ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণের কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে। তবে এখনো নিশ্চিতভাবে কারণ জানা যায়নি।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, আব্দুল কাদেরের শরীরের ৫৭ শতাংশ, মেহেদীর ১৮ শতাংশ, সাকিবের ১৭ শতাংশ এবং রাকিবের ২৫ শতাংশ দগ্ধ হয়েছে।

তিনি আরও জানান, মেহেদী ও রাকিবের শ্বাসনালীও পুড়ে গেছে। চারজনের অবস্থাই আশঙ্কাজনক এবং তাদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হচ্ছে।