


বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়ার পর মাঠে ফিরেই গোলের দেখা পেলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। তার দারুণ পারফরম্যান্সে ঘরের মাঠে ব্রাগান্তিনোকে ২-০ গোলে হারিয়েছে সান্তোস। দীর্ঘদিনের জয়ের খরা কাটিয়ে গুরুত্বপূর্ণ এই জয় পেল দলটি।
লিগে টানা তিন ম্যাচ জয়ের বাইরে ছিল সান্তোস—দুটি ড্র ও একটি হার নিয়ে চাপের মধ্যে ছিল দলটি। এমন পরিস্থিতিতে দলকে ঘুরে দাঁড় করাতে বড় দায়িত্ব নেন নেইমার।
ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে সান্তোস। ম্যাচজুড়ে বল দখলে আধিপত্য ছিল তাদের, প্রায় ৫৭ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রাখে দলটি। মোট ১০টি শট নেয় সান্তোস, যার মধ্যে ৩টি ছিল লক্ষ্যে।
অন্যদিকে ব্রাগান্তিনো ৪৩ শতাংশ বল দখলে রেখে ৮টি শট নেয়, তবে কোনো গোল আদায় করতে পারেনি তারা।
ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে সতীর্থ গ্যাব্রিয়েল বোন্টেম্পোর নিখুঁত পাস থেকে দারুণ ফিনিশিংয়ে গোল করেন নেইমার। এই গোলেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় সান্তোস।
দ্বিতীয়ার্ধে ৭৬তম মিনিটে অ্যাডোনিস ফ্রাইয়াস ব্যবধান দ্বিগুণ করলে ম্যাচে পুরোপুরি নিয়ন্ত্রণ নেয় সান্তোস এবং নিশ্চিত হয় তাদের জয়।
এই জয়ের পর ১৫ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ১৫তম স্থানে উঠে এসেছে সান্তোস। একই ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে ব্রাগান্তিনো রয়েছে সপ্তম স্থানে। লিগের শীর্ষে রয়েছে পালমেইরাস, ১৫ ম্যাচে তাদের সংগ্রহ ৩৪ পয়েন্ট।