Date: May 11, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / মেগা প্রকল্পের নামে লুটপাট হয়েছে: সেতুমন্ত্রী - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

মেগা প্রকল্পের নামে লুটপাট হয়েছে: সেতুমন্ত্রী

May 11, 2026 04:38:48 PM   অনলাইন ডেস্ক
মেগা প্রকল্পের নামে লুটপাট হয়েছে: সেতুমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম অভিযোগ করেছেন, বিগত সরকার মেগা প্রকল্পের নামে ব্যাপক লুটপাট করেছে এবং বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছে। তিনি বলেন, আগের সরকারের রেখে যাওয়া বিপুল ঋণ ও দুর্নীতির চাপ নিয়েই বর্তমান সরকারকে রাষ্ট্র পরিচালনা করতে হচ্ছে।

সোমবার (১১ মে) দুপুরে পদ্মা সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তে বৃক্ষরোপণ কর্মসূচি এবং পদ্মা সেতু জাদুঘরের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী দাবি করেন, বিগত সময়ে বিভিন্ন মেগা প্রকল্পের আড়ালে প্রায় ৩০ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। পাশাপাশি দেশকে ২০ লাখ কোটি টাকার বেশি বৈদেশিক ঋণের বোঝা রেখে যাওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ১৬টি মেগা প্রকল্পে পুরো বরাদ্দের অর্থ ব্যয় দেখানো হলেও বাস্তবে অনেক প্রকল্পের কাজই হয়নি। কিছু ক্ষেত্রে ঠিকাদাররা অর্থ নিয়ে পালিয়ে যাওয়ায় নতুন করে কাজ শুরু করাও কঠিন হয়ে পড়েছে।

শেখ রবিউল আলমের ভাষ্য, দীর্ঘ ১৮ বছরের দুর্নীতি, অনিয়ম ও অস্বচ্ছ ব্যবস্থাপনার কারণে আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোও এখন বাংলাদেশে বড় প্রকল্পে অর্থায়নে অনীহা দেখাচ্ছে। ফলে উন্নয়ন কার্যক্রম পরিচালনায় সরকারকে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে।

অনুষ্ঠানে সেতু বিভাগের নির্বাহী পরিচালক ও সচিব মোহাম্মদ আবদুর রউফের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসান, স্থানীয় সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম, জেলা পরিষদের প্রশাসক একেএম নাসিরউদ্দিন সরদার, জেলা প্রশাসক তাহসিনা বেগম এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ শরীফ-উজ-জামানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।