


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার রেশ এখনও কাটেনি। ক্রিকেটারদের অর্থ সংক্রান্ত মন্তব্যের কারণে গত বৃহস্পতিবার সমালোচনার মুখে পড়েন নাজমুল ইসলাম। এরপর বিসিবি তার কাছে শোকজ নোটিশ পাঠিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর জন্য সময় দেয়। নির্ধারিত সময়সীমা শেষ হলেও নাজমুল ইসলামের পক্ষ থেকে কোনো লিখিত জবাব বা ব্যাখ্যা এখনও পাওয়া যায়নি।
এ ঘটনায় বিসিবির পরিচালক ইফতেখার রহমান মিঠু জানিয়েছিলেন, সময়মতো জবাব না এলে গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিসিবির একজন কর্মকর্তা ঢাকা পোস্টকে জানিয়েছেন, “এখন বিষয়টি নিয়ে বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”
উল্লেখ্য, নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্য আসে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল ব্যর্থ হলে ক্রিকেটারদের ক্ষতিপূরণ প্রসঙ্গে। তিনি বলেন, বোর্ড কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে ক্রিকেটারদের। এছাড়া বলেন, ক্রিকেটাররা ভালো না করলে বোর্ড তাদের পেছনে খরচ করা টাকা ফেরত চাইছে না। এই মন্তব্যের প্রতিবাদে ক্রিকেটারদের সংগঠন কোয়াব নাজমুল ইসলামের পদত্যাগ দাবি করে বিপিএলসহ সব ধরনের ক্রিকেট বয়কটের ঘোষণা দেয়। পরবর্তীতে বিসিবি ও কোয়াবের বৈঠকের পর শর্তসাপেক্ষে খেলায় ফেরার সিদ্ধান্ত নেয় ক্রিকেটাররা।
বর্তমানে শোকজের জবাব না আসায় বোর্ডের করণীয় কী হবে, সেটিই এখন নজরকাড়া বিষয়।