


বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। সবকিছু ঠিক থাকলে আগামী জুন মাসেই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন তিনি।
সোমবার (২০ এপ্রিল) বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ চলাকালে প্রেসবক্সে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তামিম ইকবাল এ তথ্য জানান। তিনি বলেন, জুনের প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে।
এর আগে গত ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বিসিবির আগের পরিচালনা পর্ষদ ভেঙে দেয়। এরপর তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়।
তখনই ঘোষণা দেওয়া হয়েছিল, তিন মাসের মধ্যে নতুন করে বিসিবির নির্বাচন আয়োজন করা হবে। সেই হিসেবে আগামী ৭ জুলাই অ্যাডহক কমিটির মেয়াদ শেষ হওয়ার আগেই নির্বাচন সম্পন্ন করতে চায় বর্তমান কমিটি।
তামিম ইকবাল জানান, নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে এবং দ্রুতই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
উল্লেখ্য, সর্বশেষ গত বছরের অক্টোবরে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সে সময় তামিম ইকবালের নেতৃত্বে একটি প্যানেল পরিচালক পদে মনোনয়নপত্র তুললেও শেষ পর্যন্ত তারা নির্বাচন থেকে সরে দাঁড়ান।
বিসিবির আসন্ন নির্বাচনকে ঘিরে দেশের ক্রিকেট অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।