


আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে। তবে এই তালিকায় সবচেয়ে বড় চমক হিসেবে জায়গা হয়নি তারকা ফরোয়ার্ড পাওলো দিবালার। একইসঙ্গে বাদ পড়েছেন আরও কয়েকজন পরিচিত মুখ, যা নিয়ে ইতোমধ্যেই ফুটবল মহলে শুরু হয়েছে আলোচনা।
বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র ৩১ দিন। টুর্নামেন্ট শুরুর আগে কোচ লিওনেল স্কালোনি এই প্রাথমিক দল ঘোষণা করেন, যেখান থেকে চূড়ান্ত ২৬ জনের স্কোয়াড চূড়ান্ত করা হবে। ৩০ মে’র মধ্যে চূড়ান্ত তালিকা জমা দিতে হবে বলে জানিয়েছে দলীয় সূত্র।
প্রাথমিক স্কোয়াডে না থাকা পাওলো দিবালার পাশাপাশি জায়গা হয়নি আনহেল কোরেয়া এবং ভ্যালেন্তিন কাস্তেয়ানোসেরও। তাদের পরিবর্তে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে মাতেও পেলেগ্রিনো ও মাতিয়াস সুলেকে, যারা তরুণ প্রতিভা হিসেবে নজর কাড়ছেন।
গোলরক্ষক বিভাগে এবার রাখা হয়েছে ছয়জন খেলোয়াড়কে। তাদের মধ্যে আছেন এমিলিয়ানো মার্তিনেজ, জেরোনিমো রুলি, হুয়ান মুসো, ওয়াল্টার বেনিতেস, ফাকুন্দো কাম্বেসেস এবং তরুণ সান্তিয়াগো বেলত্রান। বিশেষ করে বেলত্রানের অন্তর্ভুক্তি নিয়ে আলোচনা চলছে ফুটবল মহলে।
রক্ষণভাগেও এসেছে কিছু পরিবর্তন। নাহুয়েল মোলিনার চোটের কারণে দলে জায়গা পেয়েছেন আগুস্তিন গিয়াই, কেভিন ম্যাক অ্যালিস্তার এবং নিকোলাস কাপালদো। পাশাপাশি আছেন লাউতারো দি লোলো ও জায়েদ রোমেরো।
মিডফিল্ড ও আক্রমণভাগেও বেশ কয়েকটি চমক দেখা গেছে। মিলতোন দেলগাদো ও থোমাস আরান্দার মতো তরুণদের সুযোগ দেওয়া হয়েছে। পাশাপাশি ফিরেছেন গিদো রদ্রিগেজ, নিকোলাস দোমিঙ্গেজ, আনিবাল মোরেনো ও এমিলিয়ানো বুয়েন্দিয়া। আক্রমণভাগে আছেন আলেহান্দ্রো গার্নাচো, ক্লাদিও এচেভেরি ও জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি।
৫৫ জনের এই প্রাথমিক তালিকা থেকে চূড়ান্ত ২৬ সদস্যের দল গঠনে এখনও কিছু জায়গা নিয়ে প্রতিযোগিতা চলছে, বিশেষ করে তৃতীয় গোলরক্ষক ও কয়েকটি রক্ষণভাগের পজিশন নিয়ে সিদ্ধান্ত নিতে হবে কোচিং স্টাফকে।
সবশেষে আলোচনার কেন্দ্রে আছেন অধিনায়ক লিওনেল মেসি। তার নেতৃত্বেই আবারও বিশ্বকাপ শিরোপা ধরে রাখার স্বপ্ন দেখছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা দল।