


আফ্রিকার দেশ নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামফারা রাজ্যের একটি জনাকীর্ণ বাজারে দেশটির সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ১০০ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। হামলায় আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
মঙ্গলবার (১২ মে) প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি জানায়, রোববার দুপুরে জামফারা রাজ্যের জুরমি জেলার দুর্গম তুমফা বাজার এলাকায় ভয়াবহ এ হামলার ঘটনা ঘটে। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, হামলার আগে কয়েকটি সামরিক বিমান দীর্ঘ সময় ধরে ওই এলাকার আকাশে চক্কর দেয়। প্রায় দুই ঘণ্টা পর বিমানগুলো আবার ফিরে এসে বাজারে অতর্কিত হামলা চালায়। বিস্ফোরণের পর পুরো বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই বহু মানুষ হতাহত হন।
স্থানীয় বাসিন্দাদের দাবি, বাজারটি তখন মানুষে পরিপূর্ণ ছিল। ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ মানুষ কেনাকাটায় ব্যস্ত ছিলেন। এমন অবস্থায় বিমান হামলায় ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, আহতদের জুরমি ও নিকটবর্তী শিনকাফি শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
হামলার ঘটনায় স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত শুরুর জন্য নাইজেরীয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থাটি।
এর আগে চলতি বছরের এপ্রিলে উত্তর-পূর্ব নাইজেরিয়ার জিলি এলাকায় একটি সাপ্তাহিক বাজারে একই ধরনের বিমান হামলায় অন্তত ২০০ বেসামরিক নাগরিক নিহত হন। সেই ঘটনারও তদন্ত চলছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।
এক মাসের ব্যবধানে উত্তর নাইজেরিয়ার জনবহুল বাজারে দ্বিতীয়বারের মতো প্রাণঘাতী হামলার ঘটনায় দেশজুড়ে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে।