


প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেছেন তারেক রহমান। সেখানে প্রশ্নোত্তর পর্বে এক শিক্ষার্থী তাকে ‘মাননীয়’ সম্বোধন করলে তিনি তা বলার প্রয়োজন নেই বলে মন্তব্য করেন। তার এই বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।
মঙ্গলবার (১২ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে শিক্ষার্থীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানের শুরুতেই তিনি শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি প্রশ্নোত্তর পর্বে যুক্ত হন।
এ সময় শিক্ষার্থী মোবাশ্বেরুজ্জামান হাসান তাকে প্রশ্ন করার সময় ‘মাননীয় প্রধানমন্ত্রী’ বলে সম্বোধন করলে তারেক রহমান হালকা হাসির মধ্য দিয়ে বলেন, তাকে ‘মাননীয়’ বলার প্রয়োজন নেই। উপস্থিত শিক্ষার্থীদের মধ্যেও তখন ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়।
এর আগে প্রধানমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত একটি গুরুত্বপূর্ণ কর্মশালার উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আয়োজিত কর্মশালাটির শিরোনাম ছিল-
বাংলাদেশে উচ্চশিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ।
দিনব্যাপী এই কর্মশালায় দেশের উচ্চশিক্ষার মানোন্নয়ন, গবেষণা সম্প্রসারণ, আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা এবং ভবিষ্যৎ শিক্ষা নীতির রূপরেখা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার এই সফরকে রাজনৈতিক ও শিক্ষাঙ্গনের দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি সংলাপ এবং আনুষ্ঠানিক সম্বোধন নিয়ে তার মন্তব্য ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।