Date: May 11, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / দর্শনায় আবারও দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে বাড়ছে আতঙ্ক - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

দর্শনায় আবারও দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে বাড়ছে আতঙ্ক

May 11, 2026 06:43:42 PM   অনলাইন ডেস্ক
দর্শনায় আবারও দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার, জনমনে বাড়ছে আতঙ্ক

চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার দর্শনায় আবারও রহস্যজনক বোমা সদৃশ বস্তু উদ্ধারের ঘটনা ঘটেছে। এতে এলাকার সাধারণ মানুষের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শনিবার গভীর রাত ও রবিবার সকালে দর্শনার কেরু অ্যান্ড কোম্পানি সংলগ্ন হঠাৎপাড়া এলাকার পৃথক দুটি স্থান থেকে লাল টেপ দিয়ে মোড়ানো এই সন্দেহজনক বস্তুগুলো উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শনিবার রাতের দিকে কেরু অ্যান্ড কোম্পানির কর্মচারী সালামের বাড়ির সামনে একটি বোমা সদৃশ বস্তু পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত সেখানে গিয়ে সেটি উদ্ধার করে। এর পরদিন রবিবার সকাল ১১টার দিকে পাশের খ্রিষ্টান কবরস্থান এলাকা থেকে একই ধরণের আরও একটি বস্তু উদ্ধার করা হয়।

এর আগেও এই কেরু এলাকায় বিভিন্ন সময়ে অন্তত ১৪টি একই ধরণের বস্তু উদ্ধার করা হয়েছিল। সে সময় রাজশাহী ও যশোর থেকে আসা বোম্ব ডিসপোজাল ইউনিট সেগুলো নিরাপদ স্থানে নিয়ে বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করেছিল। বিশেষজ্ঞরা তখন জানিয়েছিলেন যে উদ্ধার হওয়া বস্তুগুলো বেশ শক্তিশালী ছিল।

সর্বশেষ এই ঘটনাকে কেন্দ্র করে দর্শনা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শনিবার রাত সাড়ে ১২টা পর্যন্ত পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হিমেল রানা জানান, গতরাতে একটি এবং আজ সকালে একটি মোট দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। বস্তুগুলো আপাতত নিরাপদ স্থানে সরিয়ে রাখা হয়েছে। রাজশাহী থেকে বোম্ব ডিসপোজাল টিমকে খবর দেওয়া হয়েছে, তারা আসার পর এগুলো নিষ্ক্রিয় করা হবে।

চুয়াডাঙ্গার পুলিশ সুপার রুহুল কবির খান বলেন, ঘটনাটি পুলিশ গুরুত্বের সাথে তদন্ত করছে। উদ্ধার হওয়া বস্তুগুলো যদি আসলেই বিস্ফোরক বা ককটেল হয়, তবে এর সাথে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ বর্তমানে সতর্ক অবস্থানে রয়েছে।