Date: May 03, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আবহাওয়া / ঢাকাসহ চার বিভাগে অতি ভারি বৃষ্টির শঙ্কা, ঝড়ো হাওয়ার সতর্কতা জারি - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ঢাকাসহ চার বিভাগে অতি ভারি বৃষ্টির শঙ্কা, ঝড়ো হাওয়ার সতর্কতা জারি

May 03, 2026 07:24:17 PM   দেশেরপত্র ডেস্ক
ঢাকাসহ চার বিভাগে অতি ভারি বৃষ্টির শঙ্কা, ঝড়ো হাওয়ার সতর্কতা জারি

দেশজুড়ে আবারও সক্রিয় হয়েছে বৃষ্টিপাতের ধারা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেটসহ চারটি বিভাগে মাঝারি থেকে অতি ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের বিভিন্ন এলাকায় দমকা ও ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানান, বিশেষ করে ময়মনসিংহ ও সিলেট বিভাগের প্রায় সব জেলায় ভারি থেকে অতি ভারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এসব অঞ্চলে বৃষ্টিপাতের মাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রাম জেলা এবং ঢাকা বিভাগের পূর্বাঞ্চলের নরসিংদী ও নারায়ণগঞ্জেও একই ধরনের ভারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। অন্যদিকে খুলনা বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, আর বরিশাল বিভাগে বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে কম থাকবে।

আবহাওয়াবিদদের ব্যাখ্যা অনুযায়ী, ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত হলে তাকে ভারি বৃষ্টি বলা হয়। আর ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হলে সেটিকে অতি ভারি বর্ষণ হিসেবে ধরা হয়।

বর্তমান আবহাওয়ার এই পরিবর্তনের পেছনে রয়েছে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত লঘুচাপের বর্ধিতাংশ। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টি এবং দমকা থেকে ঝড়ো হাওয়া বইতে পারে।

এছাড়া নদীবন্দরগুলোর জন্য বিশেষ সতর্কবার্তায় জানানো হয়েছে, ঢাকাসহ ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সন্দ্বীপে ৭৮ মিলিমিটার এবং রাজধানী ঢাকায় ২৮ মিলিমিটার।

আগামী কয়েক দিন দেশের আবহাওয়া থাকবে অস্থির ও পরিবর্তনশীল। এ সময় বজ্রপাত ও ঝড়ো হাওয়ার সময় সতর্ক থাকার জন্য নাগরিকদের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।