


ফেনীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১২ মে) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাফেজিয়া এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ফেনীর সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের রাজাপুর গ্রামের বাসিন্দা নুর আলম ও তার ছেলে নিরব। নুর আলম পেশায় একজন অ্যাম্বুলেন্সচালক ছিলেন। দুর্ঘটনায় আহত হয়েছেন তার ভাগিনা আফজাল মিঠু। তাকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, সকালে ছেলে ও ভাগিনাকে সঙ্গে নিয়ে বোনের বাড়ি ভাঙার তাকিয়া এলাকা থেকে মোটরসাইকেলে করে ফেনীর দিকে ফিরছিলেন নুর আলম। পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাফেজিয়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি বাস তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নুর আলম নিহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত নিরব ও আফজাল মিঠুকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই নিরবের মৃত্যু হয়। আহত আফজাল মিঠুর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পরপরই বাসটি থামিয়ে চালক পালিয়ে যান। পরে খবর পেয়ে মহিপাল হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠায়।
মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম জানান, দুর্ঘটনায় জড়িত বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। পলাতক বাসচালককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।