Date: May 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / ইমামের মোটরসাইকেল নিয়ে সাইকেল রেখে গেলো চোর! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ইমামের মোটরসাইকেল নিয়ে সাইকেল রেখে গেলো চোর!

May 18, 2026 10:24:06 PM   অনলাইন ডেস্ক
ইমামের মোটরসাইকেল নিয়ে সাইকেল রেখে গেলো চোর!

নীলফামারীর সৈয়দপুরে ঘটেছে এক অভিনব চুরির ঘটনা। ফজরের নামাজ পড়াতে এসে নিজের মোটরসাইকেল হারিয়েছেন এক মসজিদের ইমাম। তবে মোটরসাইকেলটি চুরি করে নিয়ে গেলেও তার জায়গায় একটি পুরনো সাইকেল রেখে গেছে চোর।

সোমবার (১৮ মে) ভোরে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন নিয়ামতপুর জুম্মাপাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মাওলানা আব্দুর রাজ্জাক জানান, প্রতিদিনের মতো ফজরের নামাজ পড়াতে এসে তিনি তার ১২৫ সিসির হিরো মোটরসাইকেলটি মসজিদের চত্বরে রেখে ইমামতি করেন। নামাজ শেষে বাইরে এসে দেখেন, মোটরসাইকেলটি নেই। সেখানে পড়ে আছে একটি পুরনো ও অপরিচিত সাইকেল।

স্থানীয় মুসল্লিদের ধারণা, চোর সাইকেলে করে এসে সুযোগ বুঝে মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায় এবং নিজের ব্যবহৃত সাইকেলটি ঘটনাস্থলে ফেলে রেখে যায়।

ঘটনাটি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা বলছেন, এমন অদ্ভুত চুরির ঘটনা আগে কখনো দেখেননি তারা।

সৈয়দপুরের গাউসিয়া মসজিদের ইমাম মাওলানা রিদওয়ান আল কাদেরী জিলানী বলেন, “ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি এমনিতেই সীমিত। এর মধ্যে তাদের ব্যক্তিগত যানবাহন চুরি হয়ে গেলে তা বড় ধরনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়।”

এ বিষয়ে সৈয়দপুর থানার ওসি মো. রেজাউল করিম রেজা জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। ইতোমধ্যে একজন সন্দেহভাজনকে শনাক্ত করা হয়েছে এবং মোটরসাইকেল উদ্ধারে অভিযান চলছে।