


ব্রাজিল জাতীয় দলে ফেরা এবং বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়া নিয়ে যখন নানা আলোচনা চলছে, তখন নিজের ফিটনেস নিয়ে জোরালো বার্তা দিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। নতুন করে চোটে পড়েছেন-এমন গুঞ্জনকে একেবারে উড়িয়ে দিয়ে তিনি জানিয়েছেন, তিনি এখন পুরোপুরি ফিট এবং আগের চেয়ে আরও ভালো অবস্থায় আছেন।
সম্প্রতি ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের হয়ে মাঠে নামেন নেইমার। কোচ কার্লো আনচেলত্তির বিশ্বকাপ দল ঘোষণার আগে এটিই ছিল নিজেকে প্রমাণের বড় সুযোগ। তবে ম্যাচ চলাকালে এক অদ্ভুত ঘটনার কারণে পুরো ম্যাচ খেলতে পারেননি তিনি। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে তার ইনজুরি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।
ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নেইমার বলেন, তার শারীরিক অবস্থা নিয়ে অযথা অনেক নেতিবাচক কথা বলা হয়েছে। তিনি জানান, গত কয়েক মাস তিনি নীরবে কঠোর পরিশ্রম করেছেন এবং নিজেকে পুরোপুরি ফিরে পাওয়ার জন্য লড়াই করেছেন। সমালোচকদের উদ্দেশে তিনি বলেন, মানুষ যেভাবে তার ফিটনেস নিয়ে মন্তব্য করেছে, তা তাকে কষ্ট দিয়েছে। তবে শেষ পর্যন্ত তিনি নিজের লক্ষ্যে পৌঁছাতে পেরেছেন বলেও জানান এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
নিজের বর্তমান অবস্থার বিষয়ে নেইমার বলেন, তিনি শারীরিকভাবে ভালো আছেন এবং প্রতিটি ম্যাচের সঙ্গে আরও উন্নতি করছেন। মাঠে নিজের শতভাগ দেওয়ার চেষ্টা করেছেন বলেও জানান তিনি। একই সঙ্গে বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া নিয়ে সিদ্ধান্ত পুরোপুরি কোচ কার্লো আনচেলত্তির ওপর ছেড়ে দিয়েছেন এই তারকা ফুটবলার। নেইমারের ভাষায়, আনচেলত্তি অবশ্যই বিশ্বকাপের জন্য সেরা ২৬ জন খেলোয়াড়কেই বেছে নেবেন।
সাম্প্রতিক ম্যাচে কোরিতিবার বিপক্ষে এক নাটকীয় ঘটনার জন্ম হয়। সতীর্থ গন্সালো এসকোবার চিকিৎসার জন্য মাঠের বাইরে গেলে বিভ্রান্তিকর পরিস্থিতিতে চতুর্থ রেফারি ভুল করে নেইমারের ১০ নম্বর জার্সি বদলির বোর্ডে তুলে ধরেন। এরপর রবিনহো জুনিয়র মাঠে নামেন। কিন্তু নেইমার মাঠে ফেরার চেষ্টা করলে তাকে হলুদ কার্ড দেখানো হয়। এ ঘটনায় তিনি ক্ষোভও প্রকাশ করেন।
ব্রাজিল জাতীয় দলের ইতিহাসে ৭৯ গোল করে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার। তবে ২০২৩ সালের অক্টোবরে গুরুতর চোটে পড়ার পর থেকে আর জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি তাকে। এখন বিশ্বকাপের আগে তার ফিটনেস ও ফর্ম ফেরার বিষয়টি ব্রাজিল সমর্থকদের জন্য বড় স্বস্তির খবর হয়ে উঠেছে।