


কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের কাউনিয়া উপজেলার তিস্তা নদীর চরাঞ্চলে বাদাম চাষ দিনদিন জনপ্রিয় হয়ে উঠেছে। কম খরচে বেশি লাভ হওয়ার সম্ভাবনা থাকায় কৃষকদের মধ্যে এই ফসলের প্রতি আগ্রহ বেড়েছে। চলতি মৌসুমে বিভিন্ন চরাঞ্চলে ব্যাপকভাবে বাদামের আবাদ করা হয়েছে। অনুকূল আবহাওয়া ও সবুজে ভরা ক্ষেত দেখে এবার বাম্পার ফলনের আশা করছেন স্থানীয় কৃষকরা।
স্থানীয় কৃষকদের মতে, চরাঞ্চলের বেলে ও দোআঁশ মাটি বাদাম চাষের জন্য অত্যন্ত উপযোগী। অন্যান্য ফসলের চেয়ে খরচ কম এবং বাজারমূল্য ভালো হওয়ায় অনেক কৃষক এবার বেশি জমিতে বাদামের আবাদ করেছেন। বিশেষ করে তিস্তা বেষ্টিত বালাপাড়া, টেপামধুপুর ও হারাগাছ ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিস্তীর্ণ বাদামের ক্ষেত দেখা গেছে।
চরগনাই গ্রামের কৃষক দুদু মিয়া জানান, আলুর আবাদে লোকসান হওয়ায় এবার তিনি কয়েক বিঘা জমিতে বাদাম চাষ করেছেন। খরচ কম ও লাভ ভালো হওয়ায় তার এই আগ্রহ তৈরি হয়েছে। অন্যদিকে, প্রাণনাথ চরের এক কৃষক জানান, সময়মতো বৃষ্টি ও সঠিক পরিচর্যার কারণে গাছের বৃদ্ধি ভালো হয়েছে। তবে ঢুসমারা চরের কৃষক তাজরুল ইসলাম আকস্মিক পানি বাড়ায় ক্ষতির কথা উল্লেখ করেন। তার মতে, কৃষকদের ক্ষতির বিষয়টি গুরুত্বের সাথে দেখা উচিত এবং সহজ শর্তে কৃষি ঋণ দেওয়া প্রয়োজন।
উপজেলা কৃষি অফিস জানিয়েছে, চলতি মৌসুমে কাউনিয়ায় প্রায় ৭৮৫ হেক্টর জমিতে বাদামের চাষ হয়েছে। এতে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ হাজার ৯৯৫ মেট্রিক টন। উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া আকতার জানান, বাদাম চাষ বাড়াতে কৃষকদের নিয়মিত পরামর্শ ও সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া ৫০ জন কৃষককে প্রণোদনাও দেওয়া হয়েছে। চরাঞ্চলে বাদাম চাষের এই ধরণ কৃষকদের আর্থিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে বলে তিনি মনে করছেন।
অভাবী এই চরাঞ্চলে বাদাম চাষের প্রসারে কৃষকদের জীবনযাত্রার মানোন্নয়ন হবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে ক্ষেতের অবস্থা ভালো থাকায় উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে।