Date: May 20, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / বিনোদন / রাগ করলা’ ভাইরাল ট্রেন্ড নিয়ে নিলয় আলমগীরের কড়া মন্তব্য - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

রাগ করলা’ ভাইরাল ট্রেন্ড নিয়ে নিলয় আলমগীরের কড়া মন্তব্য

May 19, 2026 04:44:04 PM   বিনোদন ডেস্ক
রাগ করলা’ ভাইরাল ট্রেন্ড নিয়ে নিলয় আলমগীরের কড়া মন্তব্য

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ভাইরাল হওয়া ‘রাগ করলা’ সংলাপকে ঘিরে নেটিজেনদের অতিরিক্ত উন্মাদনার সমালোচনা করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। তার মতে, কোনো সাধারণ ঘটনা বা ব্যক্তিকে হঠাৎ ভাইরাল করে পরে সেটিকে বাণিজ্যিক ও বিনোদনমূলকভাবে ব্যবহার করার এই প্রবণতা সমাজের রুচির অবক্ষয়কে প্রকাশ করে।

মঙ্গলবার (১৯ মে) নিজের ফেসবুক পোস্টে এ বিষয়ে কড়া মন্তব্য করেন নিলয় আলমগীর। তিনি লেখেন, “রাগ করলা, রাগ করলা বলতে বলতে তাকে ভাইরাল করো, তারপর তাকে দিয়ে শোরুম উদ্বোধন করাও। অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ইনভাইট করে অ্যাওয়ার্ড দাও। তারপর স্ট্যাটাস দাও, রুচির দুর্ভিক্ষ।”

তার এই মন্তব্য মূলত সাম্প্রতিক সময়ে ভাইরাল কনটেন্ট তৈরির প্রবণতা এবং পরবর্তীতে সেই ভাইরাল ব্যক্তিকে ঘিরে অতিরিক্ত প্রচারণা ও বাণিজ্যিক ব্যবহারকে কেন্দ্র করে। তিনি ইঙ্গিত করেন, সোশ্যাল মিডিয়ায় অল্প পরিচিত কোনো বিষয়কে মুহূর্তেই ভাইরাল বানিয়ে পরে সেটিকে নানা ইভেন্ট ও প্রমোশনে ব্যবহার করার সংস্কৃতি দিন দিন বেড়ে যাচ্ছে।

নিলয়ের এই বক্তব্য প্রকাশের পর সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা ও বিতর্ক শুরু হয়। অনেক নেটিজেন তার মতের সঙ্গে একমত প্রকাশ করেন, আবার কেউ কেউ বিষয়টিকে ভিন্নভাবে ব্যাখ্যা করেন।

সম্প্রতি ‘রাগ করলা, কথাটা ঠিক না বেঠিক’ সংলাপ বলে আলোচনায় আসেন এক ব্যক্তি, যাকে ঘিরে বিভিন্ন প্ল্যাটফর্মে অসংখ্য ভাইরাল ভিডিও তৈরি হয়। পরে তাকে শোরুম উদ্বোধন ও বিভিন্ন অনুষ্ঠানে অতিথি হিসেবে দেখা যায়, যা এই ট্রেন্ডকে আরও আলোচিত করে তোলে।

জানা গেছে, ওই ভাইরাল ব্যক্তি গাজীপুরের বাসিন্দা ঈমান আলী এবং তিনি একজন অভিনেতা হিসেবেও পরিচিত।

রাগ করলা’ ট্রেন্ড এবং নিলয় আলমগীরের মন্তব্য-দুটিই বর্তমানে সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।