Date: May 20, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / সুদের টাকা আদায়ে কোলের সন্তানকে অপহরণ! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সুদের টাকা আদায়ে কোলের সন্তানকে অপহরণ!

May 19, 2026 08:00:34 PM   অনলাইন ডেস্ক
সুদের টাকা আদায়ে কোলের সন্তানকে অপহরণ!

শরীয়তপুরের জাজিরায় সুদের টাকা আদায়ের জন্য ছয় মাস বয়সী এক শিশুকে অপহরণের অভিযোগ উঠেছে। ঘটনার প্রায় ৪৮ ঘণ্টা পর র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে শিশুটিকে উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৮ মে) সকালে ঘটনার বিস্তারিত তথ্য নিশ্চিত করেছে পুলিশ। এর আগে রোববার দিবাগত রাতে মুন্সিগঞ্জ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

অপহৃত শিশুর নাম জাহিদ রাফসান। সে মালয়েশিয়া প্রবাসী জুয়েল মল্লিক ও রাত্রি বেগম দম্পতির সন্তান।

পরিবার সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে রাত্রি বেগম তার জা আমেনা বেগমের মাধ্যমে চার লাখ টাকা সুদে ঋণ নেন। পরে সুদসহ প্রায় সাড়ে চার লাখ টাকা পরিশোধ করা হলেও আরও টাকা পাওনা রয়েছে বলে দাবি করে আসছিলেন আমেনা। এ নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, গত শনিবার ভোরে আমেনা বেগম শিশুটিকে কিছু সময়ের জন্য নিজের কাছে নেওয়ার কথা বলে নিয়ে যান। এরপর থেকে তিনি শিশুসহ নিখোঁজ হন। পরে পরিবারের সদস্যরা যোগাযোগ করলে শিশুটিকে ফেরত দিতে পাঁচ লাখ টাকা দাবি করেন তিনি।

রোববার দুপুরে কৌশলে টাকা দেওয়ার কথা বলে আমেনা বেগমকে ডেকে আনে শিশুটির পরিবার। পরে ডুবিসায়বর এলাকায় এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদের ভিত্তিতে র‌্যাব-৮ এর সহযোগিতায় অভিযান চালিয়ে মুন্সিগঞ্জ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

অভিযুক্ত আমেনা বেগম দাবি করেন, অন্যের কাছ থেকে সুদে টাকা এনে দিয়েছিলেন তিনি। সেই টাকা ফেরত না পাওয়ায় চাপে পড়ে শিশুটিকে নিয়ে গিয়েছিলেন। টাকা না পাওয়া পর্যন্ত শিশুটিকে ফেরত দিতে চাননি বলেও জানান তিনি।

শরীয়তপুরের পুলিশ সুপার রওনক জাহান বলেন, “অভিযুক্ত নারীকে আটক করা হয়েছে। শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”